সংবাদদাতা, বিষ্ণুপুর: আজ, সোমবার শুরু হবে ৩৭তম বিষ্ণুপুর মেলা। যামিনী রায়ের ছবির থিমে, ৪টি মঞ্চ ২৬৮টি হস্তশিল্পের স্টল নিয়ে মেলা শুরু হচ্ছে। বিকালে মেলার উদ্বোধন করবেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। তার আগে দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। মেলা কমিটির সচিব তথা বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বলেন, এবারে তিনটি মেলা একযোগে চলবে। আগামী সাত দিন ধরে এই মেলা চলবে। মোট চারটি মঞ্চ করা হয়েছে। এবারের বাজেট দেড় কোটি টাকা। মেলাকে আকর্ষণীয় করে তুলতে নামী সঙ্গীত শিল্পীরা অনুষ্ঠান করবেন। এছাড়াও সাংস্কৃতিক নানা ধরনের অনুষ্ঠানে জন্যও মেলার মঞ্চ সাজানো হয়েছে। মেলার যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। সেই সঙ্গে ট্রাফিক ও মেলায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে। বিষ্ণুপুর হাইস্কুল ও কেজি কলেজের মোট চারটি মাঠে মেলার স্টল বসানো হয়েছে। সরকারি স্টল ছাড়াও কয়েকশো খাবারের ও অন্যান্য স্টল থাকছে। মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, আগে মেলায় তিনটি মঞ্চ করা হতো। এবার মোট চারটি মঞ্চ তৈরি করা হয়েছে। যদুভট্ট ও রামানন্দ ছাড়াও গোপেশ্বর এবং এবারে নতুন একটি রাধামোহন মঞ্চ তৈরি করা হয়েছে। রামানন্দ মঞ্চে ২৮ এবং ২৯ ডিসেম্বর সেখানে একাধিক নাট্টানুষ্ঠান হবে। মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর ২টো নাগাদ বিষ্ণুপুর স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। মেলা প্রাঙ্গণে গিয়ে তা শেষ হবে। বড়দিনের ছুটি কাটাতে এখন থেকেই বিষ্ণুপুর শহরে পর্যটকের ঢল নেমেছে। মন্দির দর্শনের পাশাপাশি মেলার আনন্দ উপভোগ করতে আনেকেই আগাম লজ ও হোটেল বুক করেছেন।



