সংবাদদাতা, গঙ্গারামপুর: মঙ্গলবার বুনিয়াদপুর শহরের সরাইহাটে ছট পুজোর বাজার করতে ভিড় উপচে পড়ল। মহকুমার সবচেয়ে বড় হাটে বাঁশের ডালি, কুলো, চালুন কিনতে ভিড় বাড়ল ব্রতপালনকারীদের। সামগ্রীর দাম বাড়ল একলাফে অনেকটাই। একটি ডালি বিক্রি হল ১০০ ঠেকে ২৫০ টাকার মধ্যে। চালুন ৫০ থেকে ১০০ টাকায়, কুলো ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়েছে। সঙ্গে ব্রতপালনকারীরা নিয়ম অনুযায়ী ছটপুজোর আগের দিন লাউ খাওয়ার রীতি থাকায় একএকটি লাউ ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হল। গঙ্গারামপুর, বুনিয়াদপুর ও হরিরামপুর থেকে সরাইহাটে পুজোর বাজার করতে যান বাসিন্দারা। ছট পুজোকে সামনে রেখে বাঁশের ডালি, কুলো ভালো বিক্রি হওয়ায় চওড়া হাসি বাঁশ শিল্পীদের মুখে। গঙ্গারামপুর শহরের বাসিন্দা মদন জয়সোয়াল বলেন, ছট পুজোয় ডালি-কুলো লাগে। সেটা কিনতেই হাঁটে আসা। বাঁশের তৈরি জিনিস কমদামে হাটে পাওয়া যায়। কিন্তু ছট পুজোর তিথি থাকায় অনেকটাই বেশি দাম দিয়ে জিনিসপত্র কিনতে হচ্ছে।



