পানাজি: বিদেশি পর্যটককে ধর্ষণ ও খুনের মামলায় প্রায় আট বছর পরে গোয়ার বাসিন্দা বিকট ভগতকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। ২০১৭ সালে আইরিশ-ব্রিটিশ পর্যটককে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল ওই যুবকের বিরুদ্ধে। সেই মামলাতে আগেই বিকটকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
Advertisement
জানা গিয়েছে, বিদেশিনী ওই পর্যটকের নাম ড্যানিয়েল ম্যাকলুগিন। ২০১৭ সালে দক্ষিণ গোয়ায় ঘুরতে এসেছিলেন তিনি। ১৪ মার্চ কানকোনা গ্রামে একটি নির্জন জঙ্গলের মধ্যে ওই বিদেশিনীকে ধর্ষণ করে খুন করে বিকট। পরে সেখান থেকে পালিয়ে গিয়েছিল সে। মৃতদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে পুলিস। গ্রেপ্তার করা হয়েছিল বিকটকে। এই মামলায় গত শুক্রবার জেলা ও দায়রা আদালতের বিচারক ক্ষমা যোশি তাকে যাবজ্জীবনের সাজা দিয়েছেন। পাশাপাশি ধর্ষণ ও খুনের জন্য ২৫ হাজার টাকা ও প্রমাণ লোপাটের জন্য ১০ হাজার টাকা দিতে হবে তাকে। সাক্ষ্যপ্রমাণ নষ্ট করার জন্য বিকটকে দু’বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সাজা কার্যকর হবে বলে জানিয়েছেন বিচারক।



