Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লক্ষ্য নিরবচ্ছিন্ন বিমান পরিষেবা, পুরসভা-প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে সমস্যা সমাধানে তৎপর বিমানবন্দর কর্তৃপক্ষ

লক্ষ্য নিরবচ্ছিন্ন বিমান পরিষেবা, পুরসভা-প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে সমস্যা সমাধানে তৎপর বিমানবন্দর কর্তৃপক্ষ
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা বিমানবন্দরে নিরবচ্ছিন্ন বিমান পরিষেবার লক্ষ্যে সম্প্রতি এরো ড্রোম এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। তারপরেই পর্যালোচনা করে দেখা গিয়েছে, বিমানবন্দরের আশেপাশে থাকা দুই শতাধিক প্রতিবন্ধক বর্তমানে বিমান পরিষেবায় মূল বাধা হয়ে দাঁড়িয়েছে। বহুতল, নির্মীয়মান বিল্ডিং, হাই মাস্টের মতো এই ধরনের প্রতিবন্ধকগুলো সরাতে দ্রুত সুরাহার রাস্তা বের করা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 

Advertisement

জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দর সংলগ্ন বিস্তীর্ণ অংশে উচ্চ বহুতল, হাই মাস্ট হোর্ডিং, মোবাইল টাওয়ার সহ একাধিক বস্তু পরিষেবার ক্ষেত্রে অন্তরায় হয়ে উঠেছে। সম্প্রতি এমনই একটি পরিসংখ্যান উঠে এসেছিল বিমানবন্দরের একটি রিপোর্টে। এরপরেই ২৩ মে রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে এরো ড্রোম এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট কমিটির একটি বৈঠক হয়। বৈঠকে বিমানবন্দর কর্তৃপক্ষ ছাড়াও অংশ নেন স্থানীয় পুলিস-প্রশাসন, বিধাননগর, দমদম সহ আশেপাশের কয়েকটি পুরসভার আধিকারিকরা। বৈঠকের পর পর্যালোচনা করে দেখা হয় বিমানবন্দর সংলগ্ন এলাকায় কোথায় কোথায় প্রতিবন্ধকতা রয়েছে। তাতে দেখা গিয়েছে, বিমানবন্দরের আশেপাশে মোট ৩৭৭টি প্রতিবন্ধক রয়েছে। এর মধ্যে ৯৮টি ইতিপূর্বেই সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু এখনও ২৭৯টি রয়ে গিয়েছে। 
এই সমস্ত প্রতিবন্ধকগুলো এখন কিভাবে সরানো হবে, সেটাই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে। কারণ, শতাধিক এমন বিল্ডিং রয়েছে যেগুলোর উপরের অতিরিক্ত কোনও অংশ দ্রুত ভেঙে ফেলা প্রয়োজন। এর জন্য প্রয়োজন সংশ্লিষ্ট পুরসভার পদক্ষেপ। পাশাপাশি বহু বছর পুরনো যে সমস্ত বড় গাছ রয়েছে, সেগুলো বনদপ্তরের সঙ্গে আলোচনা না করে সরানো সম্ভব নয়। বিষয়টি নিয়ে বিমানবন্দর আধিকারিকদের দাবি, আগামী দিনে বিমানবন্দরের আশেপাশের পুরসভার আধিকারিক ও প্রশাসনের সঙ্গে একাধিকবার পর্যালোচনা বৈঠকে বসা হবে। নিরবচ্ছিন্ন বিমান পরিষেবা বজায় রাখতে দ্রুত সমস্যার সমাধান করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ