নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার বিমানে ফের বিপত্তি। শনিবার নেপালের আকাশসীমায় প্রবেশের ঠিক আগেই দিল্লি বিমানবন্দরে ফিরে এল কাঠমাণ্ডুগামী বিমান। প্রযুক্তিগত সমস্যার জন্যই বিমানটি ফিরে আসতে বাধ্য হয়েছে বলে কাঠমাণ্ডুর ত্রিভুন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ঠিক কী সমস্যা হয়েছিল তা নিয়ে এয়ার ইন্ডিয়ার তরফে কিছু জানানো হয়নি। ওই বিমানটিতে কতজন যাত্রী ছিল, তা নিয়েও বিমান সংস্থা কোনো মন্তব্য করেনি। এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, এদিন এয়ারবাস ৩২০-২১৪ মডেলের বিমানটি ভারতীয় সময় দুপুর পৌনে তিনটে নাগাদ দিল্লি থেকে কাঠমাণ্ডুর উদ্দেশে উড়ে যায়। নেপালি সময় বিকেল সাড়ে চারটেয় সেটির কাঠমাণ্ডুতে অবতরণের কথা ছিল। কিন্তু লখনউয়ের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাইলটরা বিমানটিতে সমস্যা খুঁজে পান। এরপরই নেপালের আকাশসীমায় প্রবেশ না করে ফিরে আসে বিমানটি। এদিকে, অস্বাভাবিক দেরির কারণে দিল্লি বিমানবন্দরে সমস্যার মুখে পড়লেন স্পাইসজেটের দুটি বিমানের যাত্রীরা। স্পাইসজেটের তরফে এক বিবৃতি বলা হয়েছে, পরিচালনগত সমস্যার কারণে দিল্লি থেকে লেহ এবং জম্মুগামী দুটি বিমান ছাড়তে দেরি হয়েছে। তবে দুটি বিমানই পরে নিজেদের গন্তব্যে পৌঁছেছে।



