


৯ জুলাই, জয়পুর: ফের দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান। এবার ঘটনাস্থল রাজস্থানের চুরু জেলা। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ২ জনের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার দুপুর নাগাদ চুরুর রতনগড় এলাকার ভানুদা গ্রামের বাসিন্দারা একটি বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণের মধ্যেই তাঁরা দেখেন খোলা মাঠ থেকে লেলিহান আগুনের শিখা ও ধোঁয়া উপরের দিকে উঠছে। দুর্ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি বুঝতে পেরে তাঁরা পুলিস ও দমকলে খবর দেন।
পুলিস সূত্রে খবর, বিমানটি ভারতীয় বায়ু সেনার জাগুয়ার বিমান। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন পাইলট ও অন্যজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার খবর জানাজানি হতেই রতনগড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় ভিড় করে স্থানীয়রা। যদিও বর্তমানে পুলিস ও সেনা বাহিনী এসে জায়গাটিকে ঘিরে ফেলেছে। বর্তমানে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করার কাজ শুরু হয়েছে। কী ভাবে বিমানটি ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে।