Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আইনজীবীকে খুনের চেষ্টা অভিযুক্ত তৃণমূল নেতার জেল 

আইনজীবীকে খুনের চেষ্টা অভিযুক্ত তৃণমূল নেতার জেল 
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: এক আইনজীবীকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগে   লালগোলা ব্লক যুব তৃণমূল সভাপতি ফারুক আব্দুল্লাহর জেল হেফাজত হল। শুক্রবার শাসকদলের যুব নেতা ফারুক আব্দুল্লাহ জামিনে মুক্তি পেতে আদালতে আত্মসমর্পণ করেন। কিন্তু লালবাগ মহকুমা আদালতের বিচারক এস শাহু তাঁর জামিন নাকচ করে তিনদিনের জেল হেফাজত মঞ্জুর করেন।অভিযোগকারী আক্রান্তের আইনজীবী কৌশিক দে বলেন, ওই তৃণমূল নেতা একজন আইনজীবীকে মারধর করেন এবং শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে। এই ঘটনায় লালবাগ শ্যামাসুন্দরী বারের শতাধিক আইনজীবী জামিনের বিরোধিতা করেন। বিচারক পুলিসকে দ্রুত তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলেছেন।এদিকে মামলা তুলে নিতে বলে ওই আইনজীবীকে হুমকি দেওয়ার জন্য জেল হেফাজত হয়েছে ফারুক আব্দুল্লাহর ঘনিষ্ঠ ছাত্রনেতা অসিফ খানের। 
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, লালগোলা থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের বাসিন্দা আইনজীবী নূর মহম্মদ সেলিম গত ২৯ নভেম্বর আদালতের কাজ শেষ করে বাড়ির কাছে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। ওই সময় ফারুক আব্দুল্লাহ তাঁর দলবল নিয়ে ওই আইনজীবীর উপর চড়াও হন। অভিযোগ, তাঁকে মারধর ও শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়। আক্রান্ত আইনজীবী তৃণমূল নেতা ফারুক আব্দুল্লাহ ও তার সঙ্গী জাহিরুল ইসলাম, তাজিরুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস তাজিরুল নামে এক যুবককে গ্রেপ্তার করে। বাকিরা অধরা ছিল। এদিন যুব নেতা ফারুক আব্দুল্লাহ ও ছাত্র নেতা আসিফ খান লালবাগ মহকুমা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক তাদের জামিন নাকচ করে দেন। আক্রান্ত আইনজীবী নূর মহম্মদ সেলিম বলেন, আমি ওঁর উপযুক্ত শাস্তির দাবি করছি। তৃণমূলের লালগোলা ব্লক সভাপতি মোতাহার হোসেন রিপন বলেন, যুব সভাপতির জেল হেফাজতের কথা শুনেছি। তবে বিস্তারিত জানিনা। খোঁজ নিয়ে দেখছি।
সম্পর্কিত সংবাদ