মুম্বই: আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল অমিতাভ বচ্চনের জামাই তথা শ্বেতা নন্দার স্বামী নিখিল নন্দার বিরুদ্ধে। গোটা বিষয়টিতে আইনি গেরোয় পড়েছেন তিনি। উত্তরপ্রদেশের বদায়ুঁর একটি আদালত তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে থানায় নিখিল সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের পাপড হামজাপুর গ্রামের জ্ঞানেন্দ্র সিংয়ের অভিযোগ, তাঁর ভাই জিতেন্দ্রর একটি ট্রাক্টর সংস্থার ডিলারশিপ ছিল। বিক্রি বাড়ানোর জন্য তাঁকে ক্রমাগত চাপ দিচ্ছিল অভিযুক্তরা। এমনকী লাইসেন্স বাতিল করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এই পরিস্থিতিতে গত নভেম্বর মাসে জিতেন্দ্র আত্মহত্যা করেন। তারপরই অভিযোগ দায়ের করেন তাঁর পরিবারের সদস্যরা।



