Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লক্ষ্য কলকাতায় ভোটদান বৃদ্ধি, বহুতলগুলিতে বুথ তৈরির ভাবনা

পশ্চিমবঙ্গের ভোটের দানের হার প্রতিবারই গোটা দেশকে টেক্কা দিয়ে আসছে। কিন্তু সমস্যা একটাই। শহর কলকাতা।

লক্ষ্য কলকাতায় ভোটদান বৃদ্ধি,  বহুতলগুলিতে বুথ তৈরির ভাবনা
  • ২০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটের দানের হার প্রতিবারই গোটা দেশকে টেক্কা দিয়ে আসছে। কিন্তু সমস্যা একটাই। শহর কলকাতা। বিশেষত উত্তর। হাজারো চেষ্টাতেও বুথমুখো হতে চান না শহর কলকাতার মানুষ। যে কারণে এবার শহরের হাইরাইজ বা বহুতল ভবনগুলির মধ্যেই ভোটকেন্দ্র তৈরি করতে চায় নির্বাচন কমিশন। 

Advertisement

কমিশনের নিয়ম অনুযায়ী ৬০০-র বেশি ভোটার থাকলেই একটি বুথ তৈরি করা যায়। এক্ষেত্রে দেখা যাচ্ছে  শহর কলকাতায় (উত্তর ও দক্ষিণ) যে সমস্ত হাইরাইজ রয়েছে সেখানে অধিকাংশ ক্ষেত্রেই ৬০০-র বেশি ভোটার রয়েছে। এই কারণে হাইরাইজগুলিতেই ভোটকেন্দ্র বা বুথ তৈরি করতে চাইছে নির্বাচন কমিশন। কমিশনের ধারণা, এমনটা করা গেলে ভোট শতাংশের হার অনেকটাই বাড়বে। তবে এমনটা করা বাস্তবে খুব সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। 
কারণ, কমিশন সূত্রে খবর, এক্ষেত্রে আপত্তি রয়েছে হাইরাইজের বাসিন্দাদেরই। তারাই চাইছেন না অ্যাপার্টমেন্টের ভিতরে তৈরি হোক ভোটকেন্দ্র। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক (দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক) এখনও পর্যন্ত মাত্র চারটি হাইরাইজ বিল্ডিং-এর বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের রাজি করাতে সক্ষম হয়েছেন। এমাসের শেষেই এই বিষয়ে দিল্লিতে চূড়ান্ত রিপোর্ট পাঠাবেন দুই কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক। তারপরই বাস্তবে হাইরাইজগুলিতে ভোটকেন্দ্র তৈরি আদৌ সম্ভব কি না তা নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।
এদিকে, রাজ্যে বাড়তি বুথ নিয়ে চলতি সপ্তাহের শেষে সর্বদল বৈঠক হতে পারে। ওই বৈঠকের নির্যাস পাঠানো হবে কমিশনের দপ্তরে। তারপরই রাজ্যে বড়তি বুথের সংখ্যা স্থির হবে বলে মনে করা হচ্ছে। খসড়া হিসেব অনুযায়ী, রাজ্যে ১৩,৮১৬টি ভোট বুথ বাড়তে চলছে। রাজ্যের সমস্ত জেলা থেকে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানো তালিকা অনুযায়ী এমটাই জানা গিয়েছে। বর্তমানে রাজ্যে বুথের সংখ্যা ৮০,৬৮১। বর্ধিত বুথ যোগ হলে সংখ্যাটি হবে ৯৪,৪৯৭।

Advertisement
সম্পর্কিত সংবাদ