সংবাদদাতা, রামপুরহাট: আইএনটিটিইউসির রামপুরহাট ১ ব্লকের সভাপতি করা হল পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পান্থ দাসকে। বৃহস্পতিবার রামপুরহাট ১ ব্লক কার্যালয়ের সামনে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে একথা ঘোষণা করেন দলের জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে তাঁকে দলের মাদার পার্টির ব্লক কমিটির আমন্ত্রিত সদস্য করা হয়েছে।
Advertisement
দীর্ঘদিন ধরে এই ব্লকের যুব তৃণমূলের সভাপতি হিসাবে দায়িত্ব সামলে এসেছেন পান্থবাবু। বয়স চল্লিশ পার হওয়ায় গত ৪ ডিসেম্বর তাঁকে সরিয়ে মাদার পার্টির ব্লকের সাধারণ সম্পাদক জহরুল ইসলামকে যুব সভাপতি করা হয়। এবার সেই পান্থ দাসকে আইএনটিটিইউসির এই ব্লকের সভাপতি করার পাশাপাশি কোর কমিটির আমন্ত্রিত সদস্যও করা হল। আশিসবাবু বলেন, পান্থ অত্যন্ত কৃতিত্বের সঙ্গে যুব সংগঠন চালিয়ে এসেছেন। এবার তাঁর হাত ধরে এই ব্লকের শ্রমিক সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশা রাখি। পান্থ বলেন, দল যা দায়িত্ব দিয়েছে তা পালন করব। খুব শীঘ্রই ব্লকের সমস্ত শ্রমিকদের নিয়ে মিলন উৎসবের আয়োজন করা হবে।



