Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আইএনটিটিইউসির লেবার ইউনিয়নের নতুন কমিটি ঘিরে বিতর্ক এনজেপিতে

আইএনটিটিইউসির লেবার ইউনিয়নের নতুন কমিটি ঘিরে বিতর্ক এনজেপিতে
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এনজেপিতে আইএনটিটিইউসি অনুমোদিত লেবার ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা হতেই সংগঠনের অসন্তোষ প্রকাশ্যে চলে এসেছে। বুধবার দীর্ঘক্ষণ ইউনিয়নের কয়েকজন কর্মী সংগঠনের অফিসের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, সকলকে অন্ধকারে রেখে সংশ্লিষ্ট কমিটি গঠন করেছেন আইএনটিটিইউসির জেলা নেতারা। যদিও আইএনটিটিইউসির নেতারা অভিযোগ মানতে নারাজ। তাঁদের দাবি, ইউনিয়নের অধিকাংশ সদস্য নয়া কমিটি মেনে নিলেও তা নিয়ে ব্যাগরা দেওয়ার চেষ্টা করছেন বিজেপির কিছু ‘চর’রা। সমগ্র পরিস্থিতি নিয়ে স্থানীয় রাজনীতি সরগরম। 
Advertisement
এনজেপিতে আইএনটিটিইউসি অনুমোদিত শ্রমিক সংগঠনগুলির মধ্যে গুডস ইয়ার্ড লেবার ইউনিয়ন অন্যতম। দু’সপ্তাহ আগে সংশ্লিষ্ট ইউনিয়নের কমিটি ভেঙে দেওয়া হয়। মঙ্গলবার রাতে ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়। ১৫ জনের কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিরজু সাহানি। এনিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ইউনিয়নের একাংশ। তাঁরা বুধবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত ইউনিয়নের অফিসের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, সমস্ত কর্মীকে না জানিয়েই আইএনটিটিইউসির শীর্ষ নেতাদের একাংশ নিজেদের পছন্দের লোকদের নিয়ে নতুন কমিটি গড়েছেন। বিনাকারণে কয়েকজনকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। 
সংশ্লিষ্ট ইউনিয়ন আইএনটিটিইউসির শিলিগুড়ি ৩ নম্বর টাউন কমিটির অধীনে। এদিন সকালে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন আইএনটিটিইউসির ব্লক সভাপতি সুজয় সরকার। সন্ধ্যায় তিনি বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক করেন বলেও খবর। আইএনটিটিইউসির ব্লক সভাপতি অবশ্য বলেন, ১৫ দিন আগে সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্যদের দাবি মেনেই পুরনো কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর সকলের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এনিয়ে কারও কোনও আপত্তি নেই। বিজেপির কিছু ‘চর’ নতুন কমিটিতে স্থান পায়নি। তারা পরিকল্পিতভাবে সেখানে গোলমাল পাকানোর চেষ্টা করছে। 
গুডস ইয়ার্ডে লরিতে পণ্য বোঝাই ও খালাস করার সঙ্গে জড়িত প্রচুর শ্রমিক। সেই শ্রমিকদের নিয়েই গঠিত জাতীয়তাবাদী লেবার ইউনিয়ন গঠন করেছে তৃণমূল। সংশ্লিষ্ট ইউনিয়নের গদি দখল করা নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের অন্দরে বিরোধ দীর্ঘদিনের। মাঝেমধ্যেই সংশ্লিষ্ট সংগঠনের সদস্যদের মধ্যে ঝামেলা হয়। যদিও আইএনটিটিইউসির ব্লক সভাপতির দাবি, ওই ইউনিয়নে কোনও ঝামেলা নেই। ঐক্যবদ্ধভাবেই ইউনিয়ন পরিচালনা করছেন শ্রমিকরা। যারফলে অন্যদের তুলনায় সংশ্লিষ্ট ইউনিয়ন ক্রমশ্য শক্তিশালী হয়ে উঠেছে। এটা বিরোধীদের সহ্য হচ্ছে না। তাই সংশ্লিষ্ট ইউনিয়ন সম্পর্কে বিরোধীরা অপপ্রচার করছে। বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছি না। 
একইসঙ্গে আইএনটিটিইউসির ব্লক সভাপতি সংগঠন থেকে বিরোধীদের ‘চর’ উচ্ছেদ করার বার্তা দিয়েছেন। তিনি বলেন, ইউনিয়নের ওই কমিটিতে আরও কয়েকজনকে নেওয়া হবে। তবে যাঁরা সারাবছর দলের ও শ্রমিক সংগঠনের কাজ করেন না, দলীয় ঝান্ডা তোলেন না, ভোটের সময় গেরুয়া শিবিরের বুথে বসেন, তাঁদের সংগঠনে জায়গা দেওয়া হবে না। যদিও বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির নেতা আনন্দময় বর্মন বলেন, নিজেদের গোলমার ধামাচাপা দিতে বিজেপির বিরুদ্ধে ভিত্তিহীন কথা বলছে তৃণমূল।
সম্পর্কিত সংবাদ