Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আইএনটিটিইউসির দুই গোষ্ঠীর বিবাদ, নবদ্বীপে দু’টি রুটে বন্ধ অটো

আইএনটিটিইউসির দুই গোষ্ঠীর বিবাদ, নবদ্বীপে দু’টি রুটে বন্ধ অটো
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: আইএনটিটিইউসির দুই অটো ইউনিয়নের মধ্যে বিবাদের জেরে নবদ্বীপ ঘাট ও মায়াপুর ঘাট থেকে কৃষ্ণনগর স্টেশন রুটের অটো চলাচল বন্ধ রইল মঙ্গলবার। ফলে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। সমস্যায় পড়তে হয়েছে নবদ্বীপ ও মায়াপুর ঘুরতে আসা পুণ্যার্থী ও পর্যটকদের। দীর্ঘদিন ধরে নবদ্বীপ ঘাট ও কৃষ্ণনগর স্টেশন রুটে অটো চালানো নিয়ে অটো চালকদের দু’পক্ষের মধ্যে বিবাদ চলছিল। সোমবার অটো চালানো নিয়ে ফের দু’পক্ষের মধ্যে বিবাদ বাঁধে। মঙ্গলবার সকাল থেকেই তার জেরে বন্ধ হয় অটো চলাচল। তা নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে।
Advertisement
নবদ্বীপ ঘাট অটো ইউনিয়নের সম্পাদক আনন্দ মণ্ডল বলেন, কৃষ্ণনগর রুটের কিছু অটো চালকের এই রুটের কাগজপত্র নেই। অথচ ওরা আমাদের রুট পারমিশন থাকা সত্ত্বেও অটো চালাতে দিচ্ছিল না। তা নিয়ে আন্দোলনের জেরে দু’পক্ষ রোটেশন করে অটো চালাচ্ছিলাম। কিন্তু সোমবার ওরা বাধা দেয়। ওরা কৃষ্ণনগরে আমাদের গাড়ি চালাতেও বাধা দিচ্ছে। ওরা আমাদের কৃষ্ণনগর স্টেশন ঢুকতে দিচ্ছে না।  আইএনটিটিইউসি পরিচালিত কৃষ্ণনগর স্টেশন-নবদ্বীপ ঘাট অটো ইউনিয়নের কৃষ্ণনগর স্টেশন ইউনিটের সভাপতি বীরেন দেবনাথ বলেন, আমাদের স্বরূপগঞ্জ ঘাটের অটোস্ট্যান্ড থেকে কৃষ্ণনগর স্টেশনে অটো চলাচল করে। কিন্তু ওরা জোর করে স্বরূপগঞ্জ ঘাটে, স্ট্যান্ডে এসে যাত্রী তুলছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যার যেখানে পারমিট আছে সে সেখানে গাড়ি চালাবে। কিন্তু ওরা সেটা মানছে না। আমরা বিষয়টি আইএনটিটিইউসির জেলা নেতৃত্বকে জানিয়েছি। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের দুই শ্রমিক সংগঠন একটি দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলার আর একটি কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার। এই দুই শ্রমিক সংগঠনের লড়াইয়ের জেরে বন্ধ থাকছে অটো চলাচল। বিকল্প হিসেবে অনেকেই বেশি ভাড়া দিয়ে টোটোয় চাপেন। পূর্ব বর্ধমান জেলার ধাত্রীগ্রামের বাসিন্দা মিনতি সাহা  বলেন, শ্যামপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাব। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এখানে এসে দেখলাম অটো বন্ধ।  সেজন্যই বেশি ভাড়া দিয়ে টোটোতে যেতে বাধ্য হচ্ছি।
সম্পর্কিত সংবাদ