Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আইবুড়ো ভাত খেতে গিয়ে দাদার বাড়ি থেকে চুরি গেল নতুন বাইক

আইবুড়ো ভাত খেতে গিয়ে দাদার বাড়ি থেকে চুরি গেল নতুন বাইক
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ছিল বিড়াল, হয়ে গেল রুমাল। বিয়ের আগে দাদার বাড়ি আইবুড়ো ভাত খেতে গিয়েছিলেন যুবক। বাড়ির বাইরে রাখা ছিল নতুন বাইক। সকালে দেখা গেল, বাইক গায়েব। সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটি সাইকেল। তা দেখে সকলেই তাজ্জব! চুঁচুড়া থানা এলাকার ইমামবাজারে এভাবে বাইক চুরির ঘটনায় শোরগোল পড়েছে। বাইকের মালিক সৈয়দ মহম্মদ ওয়াসিমের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিস। অভিযুক্ত এখনও অধরা। 
Advertisement
স্থানীয় সূত্রে খবর, ওয়াসিমের সামনেই বিয়ে। তার আগে বুধবার ইমামবাজারে তাঁর দাদা সৈয়দ মহম্মদ মুকারমের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন তিনি। সেখানেই বাড়ির বাইরে মুকারমের দু’টি বাইক ছিল। তার পাশেই নিজের বাইকটি পার্ক করেন ওয়াসিম। সকালে ঘুম থেকে উঠে দেখেন, তাঁর বাইকটি উধাও। তার পরিবর্তে রয়েছে একটি ভাঙাচোরা সাইকেল। ওয়াসিমের দাবি, বাইকটি লক করা ছিল। সেই লক ভেঙেই চুরি করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, চোর সাইকেলে চেপে ঘটনাস্থলে আসে। এরপর বাইকটি হাতিয়ে নিজের সাইকেলটি সেখানে রেখে চম্পট দেয়। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বাইকের নম্বর প্লেটের সূত্র ধরেও তদন্ত চলছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় মাঝেমধ্যে সাইকেল চুরির ঘটনা ঘটেছে ঠিকই, তাই বলে কখনও বাইক চুরি হয়নি। পুলিসি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। পুলিসের দাবি, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ