সংবাদদাতা, কালিয়াগঞ্জ: ঝোপ থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালিয়াগঞ্জের বরুনা গ্রাম পঞ্চায়েতের আটিয়া গ্রামে। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন এলাকার পরিযায়ী শ্রমিক হুমায়ুন কবীর (২৪)। রবিবার উদ্ধার হওয়া পোশাক দেখে সেটি নিখোঁজ যুবকের বলে দাবি করেছে পরিবার। পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিস। ময়নাতদন্তের জন্য কঙ্কালটি পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিক্যালের মর্গে।
Advertisement
এলাকার বাসিন্দা হুমায়ুন নিখোঁজ হওয়ার পর পরিবার মনে করেছিল তিনি ভিনরাজ্যে কাজের জন্য গিয়েছেন। রবিবার বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে ঝোপে নরকঙ্কাল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরিবার লোকজন সেখানে গিয়ে দাবি করে দেহটি হুমায়ুনের। তাঁর ভাই মুসাদিক হুসেন বলেন, দাদা আড়াই মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যায়। বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করত। আমরা ভেবেছিলাম কোথাও কাজ করতেই গিয়েছে। কিন্তু বহুবার খোঁজখবর করেও দাদার হদিশ মেলেনি। আগে বাড়িতে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিল। এবার আত্মহত্যা করে থাকতে পারে। এলাকার বাসিন্দা আব্দুল খাবিরের কথায়, হুমায়ুন আড়াই মাস আগে দিল্লিতে কাজে যাওয়ার নামে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর খোঁজ মেলেনি। আজ নরকঙ্কাল উদ্ধার হয়েছে। পোশাক দেখে কঙ্কালটি ওই যুবকের বলেই মনে হচ্ছে। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, নরকঙ্কাল উদ্ধার হওয়ার পর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় একটি পরিবার দাবি করেছে, এই কঙ্কাল হুমায়ুন কবীরের। সেই সংক্রান্ত প্রমাণও মিলেছে।



