নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মঙ্গলবার থেকে শুরু হয়েছে সিবিএসই দশম এবং দ্বাদশের বোর্ড পরীক্ষা। অথচ দিল্লির ভারত মণ্ডপমে চলছে এআই সম্মেলন। যার জেরে সংলগ্ন রাস্তাগুলিতে তৈরি হয়েছে ভিআইপি প্রোটোকল। ফলে গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা দিতে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছাতে শুরুর দিনই তীব্র যানজটে নাকাল হতে হয় পরীক্ষার্থী এবং অভিভাবকদের। টেনশনে গলদঘর্ম অবস্থা হয়েছে তাঁদের। জানা গিয়েছে, ভারত মণ্ডপমে এআই সামিট চলছে। এদিকে, তার পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রয়েছে ৩৪টি স্কুল। এর মধ্যে ১০টি স্কুলে সিবিএসই বোর্ড পরীক্ষার সেন্টার পড়েছে। সেখানে সবমিলিয়ে পরীক্ষা দিচ্ছেন প্রায় তিন হাজার ছাত্রছাত্রী। যাতায়াত সংক্রান্ত সমস্যা সমাধানে নোডাল অফিসার নিয়োগ করা হলেও আদতে হয়রানি কমছে কি? উঠছে প্রশ্ন। ছবি: পিটিআই



