Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রেলের সাইডিংয়ে ‘গ্যাংওয়ার’ রুখতে রাস্তায় এআই ক্যামেরা

রেলের সাইডিংয়ে মাফিয়াদের মধ্যে গ্যাং ওয়ার বন্ধ করতে সংলগ্ন রাস্তায় এআই ক্যামেরা বসাবে রাজ্য পুলিশ

রেলের সাইডিংয়ে ‘গ্যাংওয়ার’ রুখতে রাস্তায় এআই ক্যামেরা
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: রেলের সাইডিংয়ে মাফিয়াদের মধ্যে গ্যাং ওয়ার বন্ধ করতে সংলগ্ন রাস্তায় এআই ক্যামেরা বসাবে রাজ্য পুলিশ। তা পরিচালিত হবে কন্ট্রোল রুম থেকে। রেলের টেন্ডারে অংশ নিতে আসা ব্যবসায়ী ও ঠিকাদারদের রাস্তায় মারধর করে ফেরত পাঠানোর অভিযোগ নতুন নয়। এই হামলায় কেউ কেউ মাফিয়াদের ব্যবহার করে। সেই ছবির সূত্র ধরেই অভিযুক্তদের চিহ্নিত করতে চায় পুলিশ। একইভাবে রেলের ওয়াগন ভেঙে সামগ্রী চুরির অভিযোগ হামেশাই ওঠে। সেসব সামগ্রী কোন গাড়িতে করে পাচার করা হচ্ছে, সেই ছবিও ধরা পড়বে ওই ক্যামেরায়। সেক্ষেত্রেও ওয়াগন ব্রেকারদের শণাক্ত করতে সুবিধা হবে পুলিশের। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় রেল ইয়ার্ড সংলগ্ন রাস্তাগুলি পরিদর্শন করেছেন আধিকারিকরা। কোথায় কত ক্যামেরা লাগানো হবে, তার হিসাব চলছে বলে খবর।

Advertisement

প্রায়ই রেলের সাইডিংয়ে মাফিয়াদের গোষ্ঠী লড়াই লেগে থাকে। গোলাগুলির মতো ঘটনাও ঘটে। কে সাইডিংয়ে দখল নেবে, কে মালগাড়ি থেকে পণ্য খালাস করবে, তা নিয়েই চলে বিবাদ। এমনকি, রেলের টেন্ডারে অংশ নিতে ব্যবসায়ী বা ঠিকাদাররা এলে তাঁদেরও বাধা দেয় এই মাফিয়ারা। গাড়ি আটকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এলাকাছাড়া করা হয় তাঁদের। সাইডিং এলাকা ও তার সংলগ্ন রাস্তা অপরাধীদের স্বর্গরাজ্য। মাফিয়ারা রাস্তাজুড়ে লরি বা ট্রাক দাঁড় করিয়ে রাখে। তারপর ওয়াগন ভেঙে বের করা সামগ্রী পাচার হয় ওই লরি বা ট্রাকে। এতদিন রাজ্য পুলিশ সব জানলেও কোনো পদক্ষেপ করেনি। পালাবদলের পর নবান্নের নির্দেশে এইসব এলাকায় অপরাধ কমাতে বিশেষ জোর দিতে বলেছেন পুলিশের কর্তারা। মাফিয়াদের বাড়বাড়ন্ত কমিয়ে চুরি আটকানোই লক্ষ্য। এই কাজের জন্য রেলের সাইডিং সংলগ্ন রাস্তায় ক্যামেরা বসাতে চাইছে পুলিশ। সেই ক্যামেরার যোগ থাকবে আরক্ষা ভবনে থাকা ট্রাফিকের কন্ট্রোল রুমের সঙ্গে। যাতে কোনো ঝামেলা হলে সেই ছবি ধরা পড়ে ক্যামেরায়। এ কারণেই এআই বেসড ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছে। আধিকারিকরা ইতিমধ্যেই রেলের কর্তাদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। ক্যামেরা বসানোর কাজে রেল রাজ্য পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এরজন্য প্রয়োজনীয় টাকা চাওয়া হয়েছে। নবান্ন সেই টাকা মঞ্জুর করলেই কাজ শুরু হয়ে যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ