সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরের যুযুধান দুই রাজনৈতিক দলের প্রার্থী বাবা ষাঁড়েশ্বরের গাজনে ভক্তদের সঙ্গে জনসংযোগ বাড়াচ্ছেন। তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ এবং বিজেপি প্রার্থী শুক্লা চট্টোপাধ্যায় উভয়েই ডিহর গ্রামে বাবা ষাঁড়েশ্বর মন্দিরে গিয়ে ভক্তদের সঙ্গে কথা বলেন। তাঁদের সুবিধা ও অসুবিধার খোঁজ খবর নেন। উভয়েই ভক্তদের জন্য জলসত্র খোলেন। সোমবার থেকেই দুই প্রার্থীই গাজনে জনসংযোগ বাড়ান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংস্কার কাজের জন্য দীর্ঘ ছ’বছর পর চলতি বছরেই বিষ্ণুপুরের ষাঁড়েশ্বর মন্দিরে দরজা খোলা হয়েছে। এতদিন পাশের শৈলেশ্বর মন্দিরে গাজনের পুজো হতো। ছ’বছর পর আবার ষাঁড়েশ্বর মন্দিরে গাজন উৎসব শুরু হয়েছে। তাই ভক্তদের মনে বাড়তি উন্মাদনা তৈরি রয়েছে। কয়েক হাজার সন্ন্যাসী হয়েছেন। তাঁদের সঙ্গে জনসংযোগ বাড়াতে দুই প্রার্থীই গাজনের আসরে যাতায়াত বাড়িয়েছেন।
তৃণমূল প্রার্থী তন্ময়বাবু বলেন, বাবা ষাঁড়েশ্বর গোটা বিষ্ণুপুরের মানুষের আরাধ্য দেবতা। প্রতিবারের মতো এবারও সোমবার রাত গাজনে ডিহর গ্রামে ষাঁড়েশ্বরের গাজনের মেলায় গিয়েছি। আজ, মঙ্গলবার দিনগাজনের উৎসবে ভক্তদের সঙ্গে মিলিত হব। তাঁদের জন্য জলসত্র খোলা হবে।
শুক্লাদেবী বলেন, সোমবার বিকালে ষাঁড়েশ্বরের গাজনের মেলায় গিয়ে ভক্তদের সঙ্গে জনসংযোগ কার্যক্রম করেছি। বাবার কাছে আশীর্বাদ নিয়েছি।
প্রসঙ্গত, বিষ্ণুপুর শহর ও আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় বাবা ষাঁড়েশ্বর মন্দির। ভোট এলেই অধিকাংশ রাজনৈতিক প্রার্থীরা বাবার কাছে আশীর্বাদ নিতে যান। এবারের বিধানসভা ভোটেও তৃণমূল ও বিজেপি দুই প্রার্থীই ষাঁড়েশ্বরে পুজো দিয়েছেন। তারপর ওই এলাকায় প্রচার করেছেন। উলিয়াড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ডিহর গ্রামে মল্লরাজাদের আমলের মাকড়া পাথরে তৈরি পাশাপাশি দু’টি মন্দির রয়েছে। তার মধ্যে একটির নাম ষাঁড়েশ্বর, অপরটির নাম শৈলেশ্বর। দ্বারকেশ্বরের একটি কানা নদীর তীরে অবস্থিত ষাঁড়েশ্বর মন্দির প্রায় আট বছর আগে ভূমিকম্পের জেরে ফাটল সৃষ্টি হয়। তারপর নানা টালবাহানার পর আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া কর্তৃক অধিকৃত ওই মন্দিরের সংস্কার কাজ শুরু হয়। মাঝে সংস্কার কাজ থমকে যায়। পরবর্তীকালে পুনরায় তা শুরু হয়। এতদিন শৈলেশ্বর মন্দিরে গাজনের উৎসব হচ্ছিল। তবে চলতি বছরে সংস্কার কাজ সম্পূর্ণ হয়। ছ’বছর বাদে আবার ষাঁড়েশ্বর মন্দিরেই গাজনের উৎসব শুরু হয়েছে। তাই ভক্তদের মনে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। সোমবার বিকালে বিজেপি প্রার্থী শুক্লাদেবী উৎসব প্রাঙ্গণে যান। বাবার কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। ভক্তদের সঙ্গে জনসংযোগ করেন। এদিন রাতে তৃণমূল প্রার্থী তন্ময়বাবু একইভাবে বাবার কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। আজ, মঙ্গলবার দু’জনেই ভক্তদের জন্য জলসত্র খুলবেন বলে জানিয়েছেন।