সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: জনবহুল এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরির পর কাকার ছেলেকে শাসানোর অভিযোগ ভাইপোর বিরুদ্ধে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল (সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’) হওয়ায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে। বিষয়টি নজরে পড়তেই যুবককে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মনসুর রহমান (৪০)। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মালিওর-২ গ্রাম পঞ্চায়েতের গোহমাবাদ গ্রামে। ভাইপো মনসুর রহমান ও কাকা আবেদ আলির পরিবারের মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিবাদ চলছিল। শনিবার দুপুরে আবেদের ছেলেরা মাঠ থেকে ধান কেটে ট্রাক্টরে করে বাড়ি নিয়ে যাচ্ছিল। রাস্তার মধ্যে ধানভর্তি ট্রাক্টর আটকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কাকার ছেলেদের ভয় দেখায় মনসুর। সেই ভিডিওই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নজরে পড়তেই পুলিস মনসুরের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ একটি কার্তুজ। কোথা থেকে আগ্নেয়াস্ত্র আনা হয়েছে, খতিয়ে দেখছে পুলিস। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, ঘটনার কথা জানতে পেরে আমরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে একজনকে গ্রেপ্তার করি। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে।



