Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আগ্নেয়াস্ত্র দেখিয়ে পঞ্চায়েত সদস্যকে প্রাণে মারার হুমকি এএসআইয়ের

আগ্নেয়াস্ত্র দেখিয়ে পঞ্চায়েত সদস্যকে প্রাণে মারার হুমকি এএসআইয়ের
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানিকচক: অপ্রকৃতস্থ অবস্থায় এক পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ এবং সার্ভিস রিভলবার দিয়ে প্রাণে মারার হুমকির অভিযোগ উঠল মানিকচক থানার এক এএসআইয়ের বিরুদ্ধে। ওই পুলিস আধিকারিকের বিরুদ্ধে মানিকচক থানার আইসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সদস্য। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২১ নভেম্বর মানিকচকের চণ্ডীপুর ব্রিজ সংলগ্ন এলাকায় মিল্কির এক যুবক বাইক দুর্ঘটনায় জখম হন। আহত যুবককে চিকিৎসার জন্য প্রথমে মানিকচক ও পরে মালদহ জেলা হাসপাতালে পাঠানো হলেও দুর্ঘটনাগ্রস্ত বাইকটি আটক করে মানিকচক থানা। সেই বাইকের বিষয়ে কথা বলতে রবিবার মিল্কি গ্রাম পঞ্চায়েতের সদস্য মইনুদ্দিন মোমিন ও দুলাল শেখ থানায় যান। পঞ্চায়েত সদস্যের অভিযোগ, এবিষয়ে আলোচনা করতে নিজের কোয়ার্টারে ডেকে নেন ওই এএসআই। সেই সময় ওই পুলিস আধিকারিক অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন।
Advertisement
কথা বলার মাঝেই নিজের সার্ভিস রিভলবার বের করে পঞ্চায়েত সদস্যকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ। ভয়ে সেখান থেকে পালিয়ে আসেন মইনুদ্দিন ও দুলাল। পঞ্চায়েত সদস্য মইনুদ্দিন বলেন, কথা বলার কিছুক্ষণের মধ্যেই এএসআই নিজের সার্ভিস রিভলবার দেখিয়ে ভয় দেখান। প্রাণে মেরে ফেলার হুমকি দেন। আমরা ভয়ে পালিয়ে এসেছি। পঞ্চায়েত সদস্য দুলাল বলেন, পুলিসের এই ধরনের আচরণ কাম্য নয়। আমরা আইসির কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। আশাকরি অভিযুক্ত পুলিস অফিসারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এদিকে এই অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানতে ওই এ এস আইকে ফোন করা হলে জবাব মেলেনি। তিনি মেসেজেরও উত্তর দেননি। 
 অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মানিকচক থানার আইসি সুবীর কর্মকার। তিনি বলেন, বিষয়টি পুলিস সুপারকেও জানানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ