Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আগ্নেয়াস্ত্র দেখিয়ে পঞ্চায়েত সদস্যকে প্রাণে মারার হুমকি এএসআইয়ের

আগ্নেয়াস্ত্র দেখিয়ে পঞ্চায়েত সদস্যকে প্রাণে মারার হুমকি এএসআইয়ের
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানিকচক: মদ্যপ অবস্থায় পঞ্চায়েতের জনপ্রতিনিধিকে গালিগালাজ এবং সার্ভিস রিভলবার দিয়ে প্রাণে মারার হুমকির অভিযোগ উঠল মানিকচক থানার এএসআই প্রশান্ত মিশ্রের বিরুদ্ধে। ওই পুলিস আধিকারিকের বিরুদ্ধে মানিকচক থানার আইসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সদস্য। অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস দিয়েছেন আইসি।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২১ নভেম্বর মানিকচকের চণ্ডীপুর ব্রিজ সংলগ্ন এলাকায় মিল্কির এক যুবক বাইক দুর্ঘটনায় জখম হন। আহত যুবককে চিকিৎসার জন্য প্রথমে মানিকচক ও পরে মালদহ জেলা হাসপাতালে পাঠানো হলেও দুর্ঘটনাগ্রস্ত বাইকটি আটক করে মানিকচক থানা। সেই বাইকের বিষয়ে কথা বলতে রবিবার মিল্কি গ্রাম পঞ্চায়েতের সদস্য মইনুদ্দিন মোমিন ও দুলাল শেখ থানায় যান। পঞ্চায়েত সদস্যের দাবি, এবিষয়ে কথা বলতে নিজের কোয়ার্টারে ডেকে নেন এএসআই প্রশান্ত মিশ্র। সেই সময় ওই পুলিস আধিকারিক মদ্যপ অবস্থায় ছিলেন। কথা বলার মাঝেই নিজের সার্ভিস রিভলবার বের করে পঞ্চায়েত সদস্যকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ। 
ভয়ে সেখান থেকে পালিয়ে আসেন মইনুদ্দিন ও দুলাল। পঞ্চায়েত সদস্য মইনুদ্দিন বলেন, কথা বলার কিছুক্ষণের মধ্যেই এএসআই নিজের সার্ভিস রিভলবার দেখিয়ে ভয় দেখান। প্রাণে মেরে ফেলার হুমকি দেন। আমরা ভয়ে পালিয়ে এসেছি। এ বিষয়ে অবশ্য এএসআই প্রশান্তর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পঞ্চায়েত সদস্য দুলাল বলেন, পুলিসের এই ধরনের আচরণ কাম্য নয়। আমরা আইসির কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। আশাকরি অভিযুক্ত পুলিস অফিসারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মানিকচক থানার আইসি সুবীর কর্মকার। তিনি বলেন, বিষয়টি পুলিস সুপারকেও জানানো হয়েছে। 
সম্পর্কিত সংবাদ