Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দিলীপ-কাণ্ডের ছায়া আসানসোল দক্ষিণে, বাড়ি থেকে ডিলারকে তুলে এনে ধমক, বিতর্কে অগ্নিমিত্রা

দিলীপ ঘোষ ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। মহিলাদের সঙ্গে তাঁর খারাপ ব্যবহারের অভিযোগে যখন রাজ্য উত্তাল, সেই সময়েই অগ্নিমিত্রা কার্যত তাঁর জুতোতেই পা গলালেন।

দিলীপ-কাণ্ডের ছায়া আসানসোল দক্ষিণে, বাড়ি থেকে ডিলারকে তুলে এনে ধমক, বিতর্কে অগ্নিমিত্রা
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দিলীপ ঘোষ ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। মহিলাদের সঙ্গে তাঁর খারাপ ব্যবহারের অভিযোগে যখন রাজ্য উত্তাল, সেই সময়েই অগ্নিমিত্রা কার্যত তাঁর জুতোতেই পা গলালেন। পাড়ায় পাড়ায় রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে তিনি বৃদ্ধ রেশন ডিলারকে বাড়ি থেকে তুলে এনে হুমকি নিয়েছেন বলে অভিযোগ। শুধু বাড়ি থেকে তুলে আনা‌‌ই নয়, তাঁকে নিয়ে কার্যত জনশুনানি করতে দেখা যায় আসানসোল দক্ষিণের বিধায়ককে। আঙুল উচিয়ে তাঁকে ধমক দিতেও দেখা যায়। রবিবার আসানসোল দক্ষিণ বিধানসভার কালিপাহাড়ীতে এই ঘটনা ঘটেছে। যার বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস থেকে রেশন ডিলাররা। শাসক দলের কটাক্ষ, এখানে বিধায়ক হওয়ার পর তিনি রাজ্য নেত্রী হতে গিয়েছিলেন। তিন বছর তাঁর দেখা পাওয়া যায়নি এলাকায়। এর মধ্যে আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপি তাঁকে প্রার্থী করেছিল। সাড়ে তিন লক্ষ ভোটে হেরেছিলেন। ২০২৪ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েও হেরেছেন। কোথাও হালে পানি না পেয়ে আবার নিজেদের বিধানসভার মানুষকে বোকা বানাতে চাইছেন। যদিও এই অভিযোগ মানতে চায়নি বিজেপি। অগ্নিমিত্রা বলেন, এলাকার মানুষ তাঁর কাছে অভিযোগ করেন, ডিলার রেশনের সামগ্রী কম দিচ্ছে। সাদা কাগজে হাতে লেখা রসিদ দিচ্ছে। এই বিষয়টি নিয়ে আমি রেশন ডিলারের বাড়িতে জানতে গিয়েছিলাম। বয়স্ক মানুষ তিনি অভিযোগ বিশ্বাস করছিলেন না। তখন আমি তাঁকে অভিযোগকারী মহিলাদের কাছে নিয়ে এলাম। আমি ওঁকে ওয়ার্নিং দিয়েছি, যেন এই ধরনের কাজ না করেন। 

Advertisement

বিষয়টি নিয়ে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের আসানসোল মহকুমার সহকারী সম্পাদক রবীন্দ্রকুমার সিং বলেন, ডিলারের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে উনি দপ্তরে অভিযোগ করতে পারতেন। এভাবে একজন বৃদ্ধ ডিলারকে বাড়ি থেকে তুলে এনে হুমকি দেওয়া ঠিক নয়। ঘটনায় আমরা ব্যথিত। আসানসোল দক্ষিণ বিধানসভার তৃণমূলের শহর সভাপতি অনুপ মাজি বলেন, আমাদের এক একজন কাউন্সিলার যা কাজ করেছেন উনি বিধায়ক হয়ে শহরের জন্য সেই কাজ করতে পারেননি। এতদিন তাঁকে দেখা যায়নি। বিধানসভা ভোট আসছে, তাই ফের এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছেন। পর পর দু’টি লোকসভা ভোটে যেভাবে পরাজিত হয়েছেন এবার এখানে দাঁড়ালে তাঁকে তৃতীয়বার হারের মুখোমুখি হতে হবে। 
জানা গিয়েছে, মাসখানেক ধরে পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি করেছেন অগ্নিমিত্রা পল। আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে তিনি বিজেপি কর্মীদের সঙ্গে হাজির হচ্ছেন। সেখানে মানুষকে জড়ো করে নানা সমস্যা নিয়ে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনায় সরব হচ্ছেন। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার কে কে পাচ্ছেন, তার খোঁজ নিচ্ছেন। তেমনি বিধবা ভাতা, বার্ধক্য ভাতার ফর্ম তাঁর অফিস থেকে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। এই কর্মসূচিতেই রবিবার কালিপাহাড়ীর ছাতাপাথরে উপস্থিত হন অগ্নিমিত্রা। সেখানেই রেশন ডিলারের নামে অভিযোগ শুনে গাড়ি নিয়ে তিনি তাঁর বাড়িতে হাজির হন। 
তারপর সেখান থেকে গাড়িতে করে তুলে আনেন নিজের কর্মসূচি স্থলে। সেখানে বৃদ্ধকে হুঁশিয়ারি দিতে দেখা যায় তাঁকে। বৃদ্ধ রেশন ডিলার সুদর্শন সিং বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বাড়ি থেকে তুলে আনল, কী আর বলব!

Advertisement
সম্পর্কিত সংবাদ