সংবাদদাতা, চাঁচল: আগুনে পুড়ল দুই ভাইয়ের চারটি শোওয়ার ঘর। বৃহস্পতিবার ভোরে চাঁচল ১ ব্লকের কলিগ্রাম পঞ্চায়েতের চণ্ডীগাছি গ্রামের ঘটনা। সাবমার্সিবল থেকে জল তুলে আগুন নেভানোর কাজে হাত লাগান বাসিন্দারা। পরে চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাড়ির কিছুই অবশিষ্ট থাকেনি। নুরেশা বেওয়া ও তাঁর দুই ছেলে মান্নান আলি ও হান্নান আলির বাড়িতে আগুন লাগে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হন মান্নান আলি। নগদ, অলঙ্কার, ধান, চাল সহ আসবাবপত্র পুড়ে গিয়েছে। মান্নান ও হান্নান দুই ভাই পরিযায়ী শ্রমিক। তাঁরা ভিনরাজ্যে কাজে রয়েছেন। এই অবস্থায় পরিবারের সদস্যদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নীচে।



