Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

আগামী তিন মরশুমের আইপিএলের সূচি ঘোষণা করল বোর্ড

আগামী তিন মরশুমের আইপিএলের সূচি ঘোষণা করল বোর্ড
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই, ২২ নভেম্বর: নিয়ম বদল করল বিসিসিআই। আগামী তিন মরশুম অর্থাৎ ২০২৫-২০২৭ পর্যন্ত আইপিএলের শুরু এবং শেষের সম্ভাব্য দিন তারিখ ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই ১০টি ফ্র্যাঞ্চাইজিকে ইমেলও করা হয়েছে। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বসছে নিলাম। ভাগ্য নির্ধারিত হবে ৫৭৪ জন ক্রিকেটারের। ফ্র্যাঞ্চাইজিগুলি মোট ২৫০ জন ক্রিকেটারকে কিনতে পারবে। তার মধ্যে ৪৬ জনকে রিটেন করেছে একাধিক দল। এই মেগা নিলামের ঠিক দু’দিন আগেই অর্থাৎ আজ, শুক্রবার সকালে বিসিসিআইয়ের তরফে এই কথা জানানো হয়েছে। সাধারণত আইপিএলের সূচির ঘোষণা নিয়ে একেবারেই তাড়াহুড়ো করে না বোর্ড। ফ্র্যাঞ্চাইজির মতামত শোনার পর ক্যালেন্ডার দেখেই টুর্নামেন্টের কিছুদিন আগে সূচি ঘোষণা করা হয়। কিন্তু এবারে দীর্ঘদিনের সেই নিয়মে বেশ খানিকটা ফেরবদল ঘটনো হল। অনেকেই অবশ্য মনে করছেন, নতুন এই নিয়মের ফলে বিদেশি প্লেয়ারদের কখন পাওয়া যাবে সেটা বুঝতে সুবিধা হবে। বিদেশি ক্রিকেটারও নিজেদের দেশের বোর্ডের সঙ্গে কথা বলে নিতে পারবেন। পাশাপাশি নিলামে পরিকল্পনা করতেও কিছুটা সুবিধা হবে ফ্র্যাঞ্চাইজিদের। সূচি অনুযায়ী আগামী বছর আইপিএল শুরু হবে ১৪ মার্চ থেকে। ফাইনাল হবে ২৫ মে। অন্যদিকে, ২০২৬ সালে আইপিএল শুরু হবে ১৫ মার্চ থেকে। ফাইনালে হবে ৩১ মে। ২০২৭ সালে ১৪ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ফাইনাল ৩০ মে।
Advertisement
সম্পর্কিত সংবাদ