Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আগাম ঘোষণা ছাড়াই বন্ধ চিনপীনা রেলগেট

আগাম ঘোষণা ছাড়াই বন্ধ চিনপীনা রেলগেট
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: সোমবার রঘুনাথপুর থানার চিনপীনা রেলগেট সংস্কারের জন্য হঠাৎই একঘণ্টা বন্ধ করে দেওয়া হয়। আগাম কোনও ঘোষণা না থাকায় গাড়িঘোড়া থেকে পথচারী সবাই সমস্যায় পড়েন। বিকল্প রাস্তা দিয়ে ঘুরে যেতে গিয়েও যানজটে নাকাল হতে হয়। খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিস ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় যানজট মুক্ত করা হয়। এদিন ভুক্তভোগীরা রেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আদ্রা-আসানসোল শাখার চিনপীনা রেলগেটে হঠাৎই কাজ শুরু করা হয়। লেভেল ক্রসিংয়ে ইট ও সিমেন্ট দেওয়া হচ্ছিল। গেটটি রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়কের উপর অবস্থিত। রেলগেট বন্ধ থাকায় রাজ্য সড়ক দিয়ে যাতায়াতকারী গাড়ি ও পথচারীদের বিকল্প রাস্তা ব্যবহার করতে হয়। তাতে সমস্যা বাড়ে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গেট বন্ধ করে কাজ করার বিষয়ে পুলিস, প্রশাসনকে আগাম জানানো হয়নি। সাধারণ মানুষকে অবগত করার জন্য কোনও নোটিসও দেওয়া হয়নি। যার ফলে সমস্যা সৃষ্টি হয়।
যানজটে ফেঁসে যাওয়া অমূল্য বাউরি, ইমতাজ খান প্রমুখ বলেন, এদিন বিকল্প রাস্তায় গিয়ে যানজটে ফেঁসে যাই। প্রায় ৪৫ মিনিট দাড়িয়ে থাকতে হয়। পাড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হাসিবুর রহমান বলেন, এদিন একটি বিশেষ কাজে বাঁকুড়া যাচ্ছিলাম। হঠাৎ দেখতে পাই চিনপীনা রেলগেটে কাজ হচ্ছে। তাই গেট বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসাবে খাজুরা গ্রামের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাই। সেখানে একটি রেল গেট রয়েছে। সেই রেলগেটে প্রচণ্ড যানজটে ৩০ মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে হয়।
রঘুনাথপুর থানা পুলিসের তরফ থেকে জানানো হয়, এদিন রেলগেট বন্ধ করার বিষয়ে আগাম খবর দেওয়া হয়নি। বিষয়টি জানার পরেই পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দেয়। আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পর্কিত সংবাদ