Bartaman Logo
১০ জুন, ২০২৬

আগামী চার বছরে ১ লক্ষ মানব-রোবট, ঘোষণা এআই সংস্থার

আগামী চার বছরে ১ লক্ষ মানব-রোবট, ঘোষণা এআই সংস্থার
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: দৈনন্দিন কাজকর্ম পরিচালনাতেও এবার বাড়বে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর মানবরূপী-রোবটের ব্যবহার। উৎপাদন, লজিস্টিক থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবাতেও তাদের দেখা যাবে। এই লক্ষ্যে আগামী চারবছরে এধরনের এক লক্ষ রোবট তৈরি করতে চলেছে মার্কিন রোবোটিক্স সংস্থা ফিগার এআই। তাদের দাবি, দৈনন্দিন কাজে এআই নির্ভর যন্ত্রকে যুক্ত করতে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হতে চলেছে। সংস্থার সিইও ব্রেড অ্যাডকক জানিয়েছেন, উৎপাদন, লজিস্টিক শিল্প, স্বাস্থ্য পরিষেবার মতো ক্ষেত্রকেই পাখির চোখ করা হচ্ছে। এখানকার নিত্য দিনের বহু সাধারণ ও গুরুত্বপূর্ণ কাজ করবে এই ধরনের রোবট। কম খরচে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই রোবট তৈরি হল ফিগার এআইয়ের মূল লক্ষ্য। 
Advertisement
জানা গিয়েছে, এই বাজারে ইতিমধ্যেই ঝিইউয়ান রোবোটিক্স, ম্যাজিক ল্যাবের মতো সংস্থা রয়েছে। তারাও হিউম্যানয়েড রোবোটিক্স প্রোগ্রামে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাদের টেক্কা দিতে ইতিমধ্যেই অত্যাধুনিক ফিগার ১ ও আরও বৈশিষ্ট্য সম্পন্ন ফিগার ২ মানবরূপী রোবট এনেছে ব্রেডের সংস্থা। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ফিগার ৩—ও। সংস্থার দাবি, প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে সঙ্গে গৃহস্থে ও শিল্পক্ষেত্রে অটোমেশনের চাহিদা দ্রুত বাড়ছে। তা পূরণ করবে ফিগারের মানব-রোবট। সেই মতো সেগুলি তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, গতবছরই এই সংস্থা বিএমডবলুর সঙ্গে চুক্তি সম্পন্ন করে। আরও একটি সংস্থাও তাদের মানবরূপী রোবটের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ