নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আগামী বছর থেকে জলপাইগুড়িতে চালু হচ্ছে মেয়েদের ফুটবল লিগ। শনিবার এমনটাই জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল। তিনি বলেন, ফুটবল খেলায় ঝোঁক বাড়ছে মেয়েদের। জেলার বিভিন্ন প্রান্তে মেয়েদের ফুটবলের অনেকগুলি টিম তৈরি হয়েছে। এর মধ্যে কিছু মেয়ে খুবই ভালো খেলছে। অনেকে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ বাংলা দলেও খেলার সুযোগ পেয়েছে। কলকাতার নামী ক্লাবে সই করেছে কিছু মেয়ে। ফুটবলের প্রতি মেয়েদের আরও বেশি করে উৎসাহিত করতে আগামী বছর থেকে আমরা জলপাইগুড়িতে লিগ চালু করতে চলেছি। ঠিক যেভাবে ছেলেদের ফুটবল লিগ হয়, একইভাবে মেয়েদের লিগ অনুষ্ঠিত হবে। এদিকে, আগামীকাল, ১৩ জানুয়ারি থেকে জলপাইগুড়িতে শুরু হতে চলেছে মেয়েদের ফুটবল টুর্নামেন্ট। সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আটটি দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। জেওয়াইসিসি’র মাঠে ওই টুর্নামেন্ট হবে। ডামডিম, ময়নাগুড়ি, ঘুঘুডাঙা, মোহিতনগর ও বেলাকোবার মহিলা ফুটবল দলগুলি অংশ নেবে।



