নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর্মসংস্থানের হতাশাজনক আবহে অবশেষে কিছুটা আশার আলো। বণিকসভাগুলি মনে করছে আগামী আর্থিক বছরে অন্তত দুই থেকে আড়াই লক্ষ নতুন কর্মসংস্থান দেবে তথ্য প্রযুক্তি সেক্টর। বিগত বছরগুলিতে বেকারত্বের প্রবল সমস্যার মধ্যেও পরিষেবা এবং তথ্য প্রযুক্তি সেক্টর নিয়ম করে প্রতি বছর নিয়োগ করেছে। দেড় বছর ধরে সেই প্রবণতায় ভাটা পড়েছিল। দেখা যাচ্ছিল যে, তথ্য প্রযুক্তি ক্ষেত্রও নিজেদের নিয়োগ লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে এই নিয়োগ ক্রমেই কমছিল। এবার সেই প্রবণতা পাল্টাবে বলে আশাবাদী বণিকসভাগুলি।
Advertisement
একদিকে যেমন হায়ারিং অর্থাৎ নতুন নিয়োগ কমেছে, আবার তেমনই বেতন থমকে রয়েছে। হয় ইনক্রিমেন্টে হয়নি অথবা হলেও নগণ্য। একটি সংস্থা ছেড়ে অন্য সংস্থায় যোগ দিলে যে বেতন বৃদ্ধির প্রবণতা ছিল, সেটায় বিপুল ধস নেমেছে। এন্ট্রি লেভেলের গড় আয় ১২ হাজার টাকায় নেমে এসেছে। এমতাবস্থায় ২০২৪ সালে ৬০ হাজার নিয়োগ হয়েছিল তথ্য প্রযুক্তি সেক্টরে। এবার ন্যাসকম, ফিকি, সিআইআইয়ের মতো বিভিন্ন বণিকসভার পক্ষ থেকে আশা প্রকাশ করা হচ্ছে কর্মসংস্থান বাড়বে। সেরকমই চাহিদার আভাস পাওয়া যাচ্ছে। বর্তমানে প্রায় ৬০ লক্ষ কর্মী এই সেক্টরে কর্মরত। বণিকসভাগুলির আশা, আগামী আর্থিক বছরে অন্তত ৩০ হাজার কোটি ডলারের বাণিজ্য করবে তথ্য প্রযুক্তি সেক্টর।



