অকাল বৃষ্টির পর অচেনা নিউটাউন স্মার্টসিটির হস্তশিল্প মেলাপ্রাঙ্গণ যেন ধানখেত!
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: চারপাশ কাদায় ভরতি। মাঝখানে একটি করে সরু ইটপাতা। তার উপর দিয়ে ঠিকভাবে হাঁটাচলাই কঠিন। উলটোদিক থেকে মানুষজন এলে রীতিমতো এক পায়ে দাঁড়িয়ে সাইডও দিতে হচ্ছে! সে এক ভয়ংকর ব্যালান্সের খেলা। চারদিকে গগনচুম্বী বহুতল। অথচ, স্মার্টসিটি নিউটাউনে হস্তশিল্প মেলা চত্বর যেন আস্ত ‘ধানখেত’! চূড়ান্ত দুর্ভোগের শিকার হচ্ছেন ক্রেতারা। অকালে বৃষ্টির জন্যই এই দুর্ভোগ। বৃষ্টি বন্ধ হয়েছে। তবু মাঠ প্রস্তুত করার তৎপরতা নজরে পড়ে না। ক্ষুব্ধ হস্তশিল্পীরা। দপ্তরের দাবি অবশ্য, আজ সোমবারের মধ্যেই মাঠ ঠিক করে দেওয়া হবে।

Advertisement

নিউটাউনে সেন্ট্রাল মলের সামনে সিটি স্কোয়ার গ্রাউন্ডে ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে রাজ্য হস্তশিল্প মেলা। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু বিপত্তির শুরু উদ্বোধনের দিন থেকেই। বৃষ্টির মধ্যেই মেলার উদ্বোধন করেন মন্ত্রী দীপক বর্মন। এই মেলার জন্য দীর্ঘ অপেক্ষায় থাকেন ক্রেতারা। গতবার ৭৬ কোটির বেশি টাকার বিনিকিনি হয়। কিন্তু, এবার উদ্বোধনের দিন সমস্ত স্টল ও প্যাভিলিয়ন ছিল বন্ধ। 
শনিবার থেকে বৃষ্টি বন্ধ হয়। রবিবার কিছু সময়ের জন্য রোদও উঠেছিল। কিন্তু, মাঠের পরিস্থিতি এতটাই খারাপ যে, দাঁড়ানোর অবস্থাও নেই। প্রথম রবিবার ভিড় উপচে পড়ে। বহু ক্রেতা এসেওছিলেন। কিন্তু, মাঠে পা রাখবেন কী করে? যাঁরা মাঠের বাইরে পেট্রল পাম্পের দিকে বসেন, তাঁদের অনেকে এদিনও পসরা সাজাতে পারেননি। মূল মাঠের অন্যপাশটা কংক্রিটের, সেটুকুই ঠিক আছে। কিছু বিক্রেতা বলেন, মেলা করছে এমএসএমই এবং বস্ত্র দপ্তর। রবিবার বিকেল থেকে তারা কিছু ইট পাতলেও তা যথেষ্ট নয়। এনকেডিএর এগিয়ে আসা দরকার। মেলার পাশের দুটি ভ্যাটও নিয়মিত পরিষ্কার হচ্ছে না। মেলা প্রাঙ্গণজুড়েই অব্যবস্থা।
প্রশাসনের এক আধিকারিক বলেন, ইট পেতেও সুরাহা হয়নি। কাঠের পাঠাতন দিয়ে স্টেজ বানিয়ে দেওয়া হবে। সোমবারের মধ্যেই মাঠ ঠিক করার চেষ্টা হচ্ছে।