রায়পুর: আবগারি দুর্নীতিতে নাম জড়িয়েছিল ছেলের। সেইসূত্রে দিনকয়েক আগেই ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দিয়েছিল ইডি। বুধবার সকালে কংগ্রেস নেতার বাড়িতে পৌঁছল সিবিআই। এদিন কংগ্রেস নেতার রায়পুর ও ভিলাইয়ের বাসভবনে একযোগে অভিযান চালান সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, মহাদেব বেটিং অ্যাপ মামলার তদন্তে নেমেই এই তল্লাশি। এদিন তিন আইপিএস আধিকারিক, এক প্রাক্তন আইএএস আধিকারিক ও কংগ্রেস বিধায়ক দেবেন্দ্র যাদবের বাড়িতেও যায় কেন্দ্রীয় এজেন্সি। পুরো ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ সরব কংগ্রেস।
কংগ্রেসের বৈঠকে যোগ দেওয়ার জন্য এদিন দিল্লিতে যাওয়ার কথা ছিল বাঘেলের। আর তার ঠিক আগেই তাঁর বাড়িতে হাজির হয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা টি এস সিংদেওর কথায়, ‘বিরোধী রাজনৈতিক দলগুলিকে হেনস্তা করতেই টার্গেট করে এই কাজ করছে বিজেপি।’ রাজ্য কংগ্রেসের প্রচার শাখার প্রধান সুশীল আনন্দ শুক্লা জানান, বিজেপির এই প্রতিহিংসার রাজনীতি সম্পর্কে মানুষ অবহিত। আসলে ভূপেশ বাঘেল পাঞ্জাবে কংগ্রেসের ইনচার্জ হওয়ার পর থেকেই ভয় পাচ্ছে বিজেপি। প্রথমে ইডি এবার সিবিআই পাঠানো হয়েছে তাঁর বাড়িতে। বিজেপি যখন ভয় পায়, রাজনৈতিকভাবে লড়াই করতে ব্যর্থ হয়, তখনই বিরোধীদের হেনস্তা করতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে।