সুব্রত ধর, শিলিগুড়ি: এবার ক্ষীরের সিঙারার জিআই স্বীকৃতি চায় শিলিগুড়ি। দার্জিলিং চা ও কমলালেবু নিয়ে জিআই স্বীকৃতি মেলার পর এমন দাবি তুলেছেন মিষ্টি ব্যবসায়ীরা। ইতিমধ্যে তাঁরা এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন। সংশ্লিষ্ট সিঙারা এখানকার নিজস্ব মিষ্টি বলেই ব্যবসায়ীদের দাবি। যার ইতিহাস বহু পুরনো। একই সঙ্গে ব্যবসায়ীরা জানান, এ ব্যাপারে তাঁদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে উত্তরবঙ্গ বিশ্বাবিদ্যালয়।
শিলিগুড়ি সুইট শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয় ধর বলেন, প্রায় ছ’মাস আগে ক্ষীরের সিঙারার জিআই স্বীকৃতির জন্য কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রকের কাছে আবেদন করেছি। জেলা প্রশাসন ও রাজ্য সরকারের কাছেও এ বিষয়ে দরবার করব। ইতিমধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এ বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সমর বিশ্বাস বলেন, মিষ্টি ব্যবসায়ীদের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে, তা জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেব। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের তরফে যতটা সহযোগিতা করা যায়, তা করব।
দীর্ঘদিন আগে ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতি পায় দার্জিলিং চা। এরপর গত বছর দার্জিলিংয়ের কমলালেবু জিআই স্বীকৃতি পেয়েছে। এজন্য কমলা চাষিদের দীর্ঘদিন ধরে লড়াই করতে হয়েছে। এবার ক্ষীরের সিঙারার জন্য লড়াই করছেন শিলিগুড়িবাসী। মিষ্টি ব্যবসায়ীরা জানান, এখানে নানা ধরনের মিষ্টি উৎপাদন হয়। যারমধ্যে ক্ষীরের সিঙারার উৎপত্তিস্থল শহরের মহাবীরস্থান। স্বাধীনতার আগে থেকেই ওই মিষ্টি এখানে তৈরি হচ্ছে। যার স্বাদ ব্রিটিশ সাহেব থেকে উত্তরবঙ্গের জমিদার, রাজা সহ বিশিষ্টজনরা উপভোগ করেছেন।
শিলিগুড়ি সুইট শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন, ময়দা, খোয়া ক্ষীর, ঘি, এলাচগুঁড়ো, ভাজা বাদাম, কাজু, পেস্তা প্রভৃতি দিয়ে ওই সিঙারা প্রস্তুত করা হয়। উত্তরবঙ্গ তো বটেই গোটা রাজ্যের সুস্বাদু মিষ্টিগুলির মধ্যে এটা অন্যতম। এর ঐতিহাসিক কিছু তথ্য জোগাড় করা হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই মিষ্টি নিয়ে একটি নথিও প্রস্তুত করা হচ্ছে। এর জিআই ট্যাগের জন্য লড়াই শুরু করেছি।
রাজ্যের বড়ো শহরগুলির মধ্যে শিলিগুড়ি একটি। উত্তর-পূর্ব ভারতের এই প্রবেশদ্বারে মিষ্টির কারবার রমরমা। শিলিগুড়ি সুইট শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন, এখানকার মিষ্টি বাংলাদেশ, ভুটান, নেপাল প্রভৃতি রাষ্ট্র এবং প্রতিবেশী রাজ্য সিকিম, বিহার, অসমে হামেসাই পাড়ি দেয়। ক্ষীরের সিঙারার জিআই মিললে এখানকার মিষ্টির কারবার আরও রমরমা হবে। আমাদের সুনাম বাড়বে। সেই সঙ্গে আমরা নিজেদের ঐতিহ্য রক্ষা করতে পারব।



