বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জের পর...এনকাউন্টার! এবার রায়গঞ্জ
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও কলকাতা: রাজ্যে ফের এনকাউন্টার! দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, উত্তর ২৪ পরগনার গাইঘাটা, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের পর এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। পুলিশের গুলিতে খতম নাবালিকা ধর্ষণ ও খুনকাণ্ডের মূল অভিযুক্ত দিলীপ রায় (৪৬)। চিত্রনাট্যে এবার অবশ্য একটা বদল রয়েছে। অভিযুক্তকে আগে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের দাবি, সোমবার কাকভোরে কুলিক নদীর কাছে পারারপুকুর এলাকা দিয়ে বিহারে পালানোর চেষ্টা করছিল দিলীপ। পুলিশকে দেখা মাত্রই সে গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে অফিসাররা পালটা গুলি ছুড়লে ধরাশায়ী হয় অভিযুক্ত। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে ফের চর্চায় ‘এনকাউন্টার-রাজ’! নির্যাতিতার পরিবার অবশ্য অভিযুক্তের মৃত্যুতে খুশি। অসহায় বাবা-মা, প্রতিবেশীদের বক্তব্য, ‘আমরা দোষীর সর্বোচ্চ সাজা চেয়েছিলাম। এনকাউন্টারের মাধ্যমে বিচার পেয়েছি। আমাদের মেয়ের আত্মা শান্তি পেয়েছে।’ পড়শিদের দাবি, এর আগেও দিলীপ রায়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ছিল।

Advertisement

গত ৩ নভেম্বর সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল রায়গঞ্জের বাসিন্দা ওই নাবালিকা। গত ৫ নভেম্বর বিকালে কুলিক নদীর পাড়ে আব্দুলঘাটা জঙ্গল থেকে তার বিবস্ত্র দেহ উদ্ধার হয়। ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয়রা। অভিযোগ ওঠে, নাবালিককে একাধিকবার ধর্ষণ করেছে দিলীপ। শেষে প্রমাণ লোপাটের জন্য শ্বাসরোধ করে এই খুন। ময়নাতদন্তেও তেমন ইঙ্গিত মেলে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়। গত বৃহস্পতিবার রাত থেকেই হন্যে হয়ে অভিযুক্তের সন্ধান করছিল পুলিশ। পুলিশ সূত্রের দাবি, অভিযুক্ত বিহারে গা ঢাকা দেওয়ার চেষ্টায় রয়েছে বলে সম্প্রতি খবর আসে। এরপরই বাংলা-বিহার সীমানার বিভিন্ন জায়গায় শুরু হয় নজরদারি। এদিন কাকভোরে জানা যায়, রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পারারপুকুর সংলগ্ন কুলিক নদীর পাড় দিয়েই বিহারে পালানোর ছক কষেছে দিলীপ। কারণ, পারারপুকুর লাগোয়া ওই বাঁধ থেকে পড়শি রাজ্য মাত্র তিন কিমি দূরে। খবর পাওয়ামাত্র আর সময় নষ্ট করেনি রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্তকে পাকড়াও করতে আধিকারিকরা হানা দেন পারারপুকুর এলাকায় বাঁধের মেঠো রাস্তায়। কুয়াশাচ্ছন্ন কাকভোরে পুলিশকে দেখামাত্রই একটি আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে দিলীপ। গুলি লাগে পুলিশের গাড়িতে। তদন্তকারী টিমও বাধ্য হয়ে অভিযুক্তকে লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি চালায়। গুলি লাগে দিলীপের গায়ে। রক্তাক্ত অবস্থায় বাঁধের রাস্তায় লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি অভিযুক্তকে আনা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা দিলীপকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রের বক্তব্য, অভিযুক্তের কাছে আগ্নেয়াস্ত্র মিলেছে। যাবতীয় সরকারি নিয়ম মেনে তার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হচ্ছে। 
পালাবদলের পর পুলিশের এই ‘এনকাউন্টার মডেল’ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বিরোধীরা। মমতা তৃণমূল শিবিরের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘একের পর এক এনকাউন্টার, অথচ ধর্ষণের ঘটনা থামার কোনো নাম নেই। গত কয়েক মাসে ২৫০০-র বেশি ধর্ষণ, ৬০০টিরও বেশি খুন এবং ৩৪ হাজারের বেশি গুরুতর অপরাধের যে পরিসংখ্যান সামনে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটাই কি বিজেপির স্বপ্নের সোনার বাংলা?’ প্রশ্ন তুলেছেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, বারবার পুলিশি হেপাজতে থাকা অভিযুক্তরা পুলিশের অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা করছে। তার মানে পুলিশি ব্যবস্থা মাত্র এই ক’মাসেই ভেঙে পড়ছে। আসলে রাজ্যে আইনের শাসন চলছে না, নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাফ কথা, ‘পুলিশকে মারতে গেলে পুলিশ কি রসগোল্লা খাওয়াবে? বন্দুক, অস্ত্রগুলো পকেটে রাখার জন্য? পুলিশের উপর হামলা হলে আত্মরক্ষার অধিকার পুলিশেরও রয়েছে। আইন মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ব্যবস্থা নিয়েছি।’