Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রায় ৫ বছর পর বিশ্বভারতী  কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন

প্রায় পাঁচ বছর পর বিশ্বভারতী কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন হতে চলেছে

প্রায় ৫ বছর পর বিশ্বভারতী  কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: প্রায় পাঁচ বছর পর বিশ্বভারতী কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন হতে চলেছে। মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। মোট ৫৯ জন প্রতিনিধি নির্বাচিত হবেন। ভোটগ্রহণ হবে ২২ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত।

Advertisement

জানা গিয়েছে, খসড়া ভোটার তালিকা নিয়ে দাবি বা আপত্তি জানানোর শেষ দিন আগামী রবিবার। এরপর সোম ও মঙ্গলবার হবে শুনানি। মঙ্গলবার বিকেলেই প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। বুধবার ও বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা নেওয়া হবে। শনিবার হবে মনোনয়নপত্র যাচাই। রবিবার মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। ওই দিনই প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। নির্ধারিত দিনে ভোটগ্রহণের পরই হবে গণনা এবং ফল প্রকাশ। প্রতিনিধি নির্বাচনে মহিলাদের জন্য দু’টি এবং তফসিলি উপজাতি সদস্যদের জন্য একটি আসন সংরক্ষিত থাকবে। এই সংরক্ষণ সংক্রান্ত ঘোষণা মঙ্গলবার বিকেলে করা হবে। ভোটের নিরাপত্তার জন্য শান্তিনিকেতন থানার কাছে পর্যাপ্ত পুলিশকর্মী, মহিলা পুলিশ-সহ নিরাপত্তার আবেদন জানানো হয়েছে।
আরও জানা গিয়েছে, সমিতিতে বিশ্বভারতীর কর্মী, অধ্যাপক ও পেনশনভোগী মিলিয়ে প্রায় ১২০০ সদস্য রয়েছেন। ২০২৫ সালের ২৭ জুলাই নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় পুলিশকর্মী না পাওয়ায় ২৩ জুলাই তা স্থগিত হয়ে যায়। পরে আর নির্বাচন হয়নি। পুরনো ভোটার তালিকায় থাকা ৮৬ জন সদস্য অবসর নেওয়ায় এবং আগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দু’জন প্রার্থী অবসর নেওয়ায় নতুন করে ভোটার তালিকা তৈরির সিদ্ধান্ত হয়। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় কর্মী ও অধ্যাপকদের একাংশ দ্রুত নির্বাচন, নতুন পরিচালন পর্ষদ এবং বকেয়া লভ্যাংশ মেটানোর দাবিতে একাধিকবার সরব হয়েছিলেন। সমিতির সদস্য ভ্রমর ভাণ্ডারী, সুব্রত মণ্ডল বলেন, প্রায় পাঁচ বছর পর নির্বাচন হতে চলায় আমরা খুবই খুশি। নিয়ম মেনে দ্রুত নির্বাচন সম্পন্ন হোক। নতুন পরিচালন পর্ষদ গঠিত হোক। পাশাপাশি সদস্যদের বকেয়া লভ্যাংশও বুঝিয়ে দেওয়া হোক।

Advertisement
সম্পর্কিত সংবাদ