নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘকাল রাস্তাটির দশা বেহাল। অনেক জায়গায় পিচের প্রলেপ উঠে তৈরি হয়েছে ছোটো-বড়ো গর্ত। অবশেষে, বহু বছর পর পাইকপাড়ার রাজা মণীন্দ্র রোডের দুটি অংশ সংস্কার শুরু হয়েছে। দু’জায়গা মিলিয়ে পিচ তুলে প্রায় আড়াই কিলোমিটার নতুন রাস্তা বানানো হচ্ছে।
পাইকপাড়ার এই রাস্তাটি গুরুত্বপূর্ণ। নিয়মিত বহু গাড়ি যাতায়াত করে এই পথে। কিন্তু রাস্তার অবস্থা ভালো নয়। তাই ২১ ও ২২ নম্বর রাজা মনীন্দ্র রোডের সংস্কার শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু বছর রাস্তা মেরামত হয়নি। একাধিক জায়গায় খানাখন্দ রয়েছে। রাস্তা উঁচু-নীচু রয়েছে। তবে এবার নতুন করে রাস্তা তৈরি শুরু হয়েছে। এলাকার বাসিন্দা শর্মিলা ঘোষ, শিবাজি স্যান্যাল, কৌশিক লোহাররা জানান, শেষ কবে এই রাস্তা সংস্কার হয়েছিল, মনে পড়ছে না। ক’দিন আগে দেখলাম কাজ শুরু হয়েছে। মেশিন দিয়ে পুরনো পিচ কেটে তুলে ফেলা হচ্ছে। রাস্তা ভালো হলে এলাকাবাসীরই সুবিধা হবে।
৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবিকা চক্রবর্তী বলেন, অনেক বছর এই রাস্তা সংস্কারের কাজ হয়নি। পিচ কাটার মেশিন কম। তাই সহজে পাওয়া যায় না। অবশেষে কাজ শুরু করা গিয়েছে। প্যাচওয়ার্ক নয়, গোটা পথ নতুন করে তৈরি হবে। মানুষের যাতায়াত করতে সুবিধা হবে। ভোট প্রচারে বিভিন্ন অঞ্চলে গিয়ে মানুষের অসুবিধার কথা শুনেছিলাম। সেই অনুসারে রাস্তাসহ বিভিন্ন অঞ্চলের নানা সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি।