


শ্রীনগর: বলিউড ছবির বিষয় হোক বা ছবির শ্যুটিং স্পট। সিনেপ্রেমীদের বারবার নিজের সৌন্দর্যে মুগ্ধ করেছে কাশ্মীর। ‘কাশ্মীর কি কলি’ থেকে ‘মিশন কাশ্মীর’, ‘বজরঙ্গি ভাইজান’ বা ‘সিংহম এগেন’— কাশ্মীরের রূপে মোহিত হয়েছেন অনুরাগীরা। তবে ভূস্বর্গে বলিউড সিনেমার প্রিমিয়ার? না, গত ৩৮ বছরে তা হয়নি। ছবি মুক্তির আগে প্রিমিয়ার অনুষ্ঠানের জন্য ভারতের বিভিন্ন প্রান্তকে বেছে নিয়েছেন প্রযোজকরা। তবে সেই তালিকায় এতদিন ব্রাত্য থেকেছে কাশ্মীর। এবার সেই ‘অভিযোগ’ ঘুচতে চলেছে। সৌজন্যে ইমরান হাশমি অভিনীত অ্যাকশন থ্রিলার ‘গ্রাউন্ড জিরো’। এই ছবির হাত ধরে ইতিহাস গড়ছেন অভিনেতা। কারণ ৩৮ বছর পর ভূস্বর্গে ছবির প্রিমিয়ার অনুষ্ঠান হচ্ছে।
একসময় বহু হিন্দি ছবির শ্যুটিং হয়েছে কাশ্মীরে। তবে সন্ত্রাসবাদ মাথাচাড়া দেওয়ায় সেখান থেকে কার্যত মুখ ফিরিয়েছেন নির্মাতারা। নিরাপত্তার খাতিরে সেখানে শ্যুটিং করার কথা চিন্তাও করা যেত না একসময়। তবে এখন সময় বদলেছে। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি সিনেমার শ্যুটিং হয়েছে সেখানে। তার মধ্যে রয়েছে আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ও। নতুন করে আশা জাগিয়েছে মাল্টিপ্লেক্সও। শাহরুখ খানের ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো ছবি হাউজফুল ছিল একমাত্র প্রেক্ষাগৃহে। নজির গড়েছে নোলানের ‘ওপেনহাইমার’ও। সেই ছবির টিকিট কাটতে লাইন পড়েছিল প্রেক্ষাগৃহের সামনে। উপত্যকার অনেক তরুণ সুযোগ পাচ্ছেন ছবিতে। এই আবহে কাশ্মীরে প্রিমিয়ার অনুষ্ঠানের আয়োজন নতুন করে আশা জাগাচ্ছে।
আগামী ১৮ এপ্রিল ‘গ্রাউন্ড জিরো’ ছবির প্রিমিয়ার আয়োজিত হচ্ছে। ২০০১ সালে সংসদ হামলার মাস্টার মাইন্ড গাজি বাবার মৃত্যুদণ্ড কার্যকর করার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন বিএসএফ কমান্ডান্ট নরেন্দ্রনাথ ধর দুবে। তাঁর জীবন অবলম্বনেই তৈরি ‘গ্রাউন্ড জিরো’। মুখ্য ভূমিকায় দেখা যাবে ইমরান হাশমিকে। কাশ্মীর ছবির বিষয়বস্তু বলেই হয়তো প্রিমিয়ারের আয়োজন সেখানে করার কথা ভেবেছেন প্রযোজক ফারহান আখতার, রীতেশ সিধওয়ানিরা। ভবিষ্যতেও ফের এখানে বলিউডের ব্যস্ততা বাড়বে— আশাবাদী কাশ্মীরবাসী।