জব গ্যারান্টির ২০ বছরে মহিলাদের কর্মসংস্থানে বাংলার স্থান তলানিতে
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মনরেগা বন্ধ হয়েছে আগেই। ১ জুলাই তার জায়গায় চালু হয়েছে ভিবি জি রামজি (১২৫ দিনের কাজ) প্রকল্প। কিন্তু, পূর্বতন প্রকল্পের ধাঁচেই নয়া ১২৫ দিনের স্কিমেও মহিলাদের বেশি করে কাজের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু, মহিলাদের কাজ দেওয়ার ক্ষেত্রে ১২৫ দিনের কাজ প্রকল্পে ডবল ইঞ্জিন রাজ্য পশ্চিমবঙ্গ রয়েছে দেশের সমস্ত রাজ্যের তুলনায় একেবারে তলানিতে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, ৩৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান ৩৩ নম্বরে! তারপরে রয়েছে শুধু মাত্র লাক্ষাদ্বীপ। মোদি সরকারের পরিসংখ্যান বলছে, এরাজ্যে মোট কর্মদিবস সৃষ্টির মধ্যে মাত্র ৩৬.৬৭ শতাংশ কাজে অংশগ্রহণ করেছেন মহিলারা। যেখানে কেরল, তামিলনাড়ু, গোয়া, রাজস্থান, পাঞ্জাব, হিমাচলপ্রদেশে এই হার ৭০ থেকে ৮৯ শতাংশ। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ে এই হার ৪০ থেকে ৫০ শতাংশ। এছাড়া বাকি রাজ্যগুলিতে ৫০ শতাংশের বেশি মহিলা জবকার্ড হোল্ডার কাজ পেয়েছেন। অর্থাৎ, গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ (৩৬.৬৭ শতাংশ) এবং জম্মু ও কাশ্মীর (৩৮.৪৪ শতাংশ) রয়েছে ৪০ শতাংশের নীচে। 
অভিজ্ঞ আমলারা বলছেন, ২০০৬ সাল থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে গ্রামীণ এলাকায় কাজের গ্যারান্টি প্রকল্প চালু হওয়া শুরু হয়। ২০০৯ সালে প্রকল্পের সঙ্গে যুক্ত হয় মহাত্মা গান্ধীর নাম। ফের ২০২৬ সালে নাম বদলে ভিবি জি রামজি রাখে কেন্দ্র। কিন্তু দীর্ঘ ২০ বছর ধরে চলা এই প্রকল্পে এবারই প্রথম যখন মহিলাদের এই প্রকল্পে কাজ দেওয়ার ক্ষেত্রে তালিকার একেবারে নীচে নেমে গেল পশ্চিমবঙ্গ। কিন্তু কেন এই পরিস্থিতি? ওয়াকিবহাল মহলের মতে, দীর্ঘদিন রাজ্যে বন্ধ ছিল ১০০ দিনে কাজ। ফলে এই প্রকল্পের সঙ্গে যুক্ত জবকার্ড হোল্ডাররা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন। চারমাস আগে এরাজ্যে পুনরায় চালু হয়েছে ১০০ দিনের কাজ। তার সপ্তাহ তিনেকের মধ্যেই গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও চালু হয় ১২৫ দিনের কাজ। এক পদস্থ কর্তার কথায়, রাজ্যে টানা চারবছর ১০০ দিনের কাজ প্রকল্প বন্ধ ছিল। এই সময়কালে অনেকেই বাইরের রাজ্যে গিয়ে বেশি টাকা উপার্জন শুরু করেছেন। 
একাধিক জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এতদিন কাজ বন্ধ থাকায় অনেকের মধ্যে অনিশ্চয়তাও তৈরি হয়েছে। তাঁরা ভাবছেন, প্রকল্প হঠাৎ বন্ধ হয়ে গেলে তাঁরা ফের অথই জলে পড়বেন। এই অনিশ্চয়তার কারণেই রাজ্যে সার্বিকভাবেই কর্মদিবস সৃষ্টি বা জবকার্ড হোল্ডারদের বেশি করে যোগদান সুনিশ্চিত করতে একটু সময় লাগছে। এরই প্রতিফলন ঘটছে মহিলা জবকার্ড হোল্ডারদের কাজ পাওয়ার ক্ষেত্রেও। তবে আসন্ন শীতে এই পরিসংখ্যান অনেকটাই বদলাবে বলে মনে করছে প্রশাসনিক মহল।

Advertisement