Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২ দিনের নাটকীয় জল্পনা, ৩২৩ ভোটে বিজেপিকে জয়ী ঘোষণা

সোমবার ইভিএম খুলতেই রাজ্যজুড়ে বয়ে গিয়েছে গেরুয়া ঝড়। কিন্তু সেই ঝড়ের প্রভাব পড়েনি রাজারহাট-নিউটাউন কেন্দ্রে! কারণ, ওই দিন গভীর রাত পর্যন্ত এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস চট্টোপাধ্যায়।

২ দিনের নাটকীয় জল্পনা, ৩২৩ ভোটে বিজেপিকে জয়ী ঘোষণা
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সোমবার ইভিএম খুলতেই রাজ্যজুড়ে বয়ে গিয়েছে গেরুয়া ঝড়। কিন্তু সেই ঝড়ের প্রভাব পড়েনি রাজারহাট-নিউটাউন কেন্দ্রে! কারণ, ওই দিন গভীর রাত পর্যন্ত এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। আচমকা বলা হয়, বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া জয়ী হয়েছেন। পালটা চ্যালেঞ্জ করেন তাপসবাবু। তারপর রাতেই রি-কাউন্টিং হলে তাপসবাবু ৪৪০ ভোটে এগিয়ে যান। তবে শংসাপত্র পাননি। সেই ফলাফল চ্যালেঞ্জ করেন পীযূষবাবু। মঙ্গলবার সকালে ফের রি-কাউন্ট হয়। শেষ পর্যন্ত ৩২৩ ভোটে বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়াকেই জয়ী ঘোষণা করে কমিশন। তারপরই নিউটাউনে গেরুয়া উচ্ছ্বাস শুরু হয়। যদিও এই জয় নিয়ে আইনি লড়াইয়ে যেতে পারেন তাপসবাবু।

Advertisement

২০২১ সালে রাজারহাট-নিউটাউন থেকে ৫৬ হাজার ৪৩২ ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়। সোমবার প্রথম থেকেই এগিয়ে ছিলেন তিনি। ১১ রাউন্ড শেষে তিনি ১৩ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন। শেষের আগের রাউন্ডেও তিনি ২০৭৪ ভোটে এগিয়ে ছিলেন। তৃণমূলের অভিযোগ, তারপরই আচমকা বিজেপিকে জয়ী বলে ঘোষণা করা হয়। তাপসবাবু চ্যালেঞ্জ করলে রি-কাউন্টিংয়ে তাপসবাবুই ৪৪০ ভোটে এগিয়ে যান। তবে জয়ী ঘোষণা করা হয়নি। মঙ্গলবার রি-কাউন্টিংয়ে বিজেপি জয়ী হয়। এ ব্যাপারে তাপসবাবু বলেন, ‘৪-৫ রাউন্ডের পরই আমাদের এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছিল। গভীর রাতে আমি নিজে ছিলাম। আমিই জয়ী হয়েছিলাম। তারপরেও আমাকে সার্টিফিকেট দেওয়া হয়নি। আজ রি-কাউন্টিংয়ে বিজেপিকে জয়ী করা হয়েছে। ঠিক করে আবার গণনা হলে আমি কমপক্ষে ১০ হাজার ভোটে জিতব। ইভিএমে রেকর্ড থাকে। তা মোছা সম্ভব নয়। জোর করে জয় নিয়েছে বিজেপি।’
যদিও বিজেপি নেতৃত্বের দাবি, জোর করে জেতার প্রশ্নই নেই। বাংলার মানুষ ভোট দিয়েছে বিজেপিকে। তৃণমূলই রি-কাউন্টিং চেয়েছিল। তৃণমূল পরাজিত হয়েছে। বিজেপি প্রার্থী জয়ের শংসাপত্রও পেয়ে গিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ