নয়াদিল্লি: গোষ্ঠী হিংসা। গুলি। মৃত্যু। বিগত কয়েকবছর ধরেই উত্তপ্ত মণিপুর। এমনকি শুক্রবার ভোররাতে মায়ানমার সীমান্ত লাগোয়া মণিপুরের কামজং জেলায় সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন চার জন। এই পরিস্থিতিতে মণিপুরের পাশাপাশি নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের একাধিক জায়গায় আরও ছ’মাসের জন্য জারি থাকবে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন তথা আফস্পা। শুক্রবার এই সংক্রান্ত একটি গেজেট নোটিফিকেশন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানে বলা হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে এই বিজ্ঞপ্তি কার্যকর হবে। এক্ষেত্রে পাঁচ জেলার ১৩টি নির্দিষ্ট থানা এলাকা বাদে গোটা মণিপুরকেই ‘ডিস্টার্বড এরিয়া’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। আফস্পা আইনের বাইরে রয়েছে ইম্ফল পশ্চিম জেলার ইম্ফল, লামফেল, সিটি, সিংজামেই, পাটসোই ও ওয়াঙ্গোই। তালিকায় রয়েছে ইম্ফল পূর্ব, থৌবাল, বিষ্ণুপুর ও কাকচিং জেলার বেশ কয়েকটি এলাকাও। অন্যদিকে, নাগাল্যান্ডের দিমাপুর, নিউল্যান্ড, মোন সহ বেশ কয়েকটি জেলা এবং অরুণাচল প্রদেশের তিরাপ, চাংলাং, লংডিং জেলাতেও বলবৎ থাকবে এই আইন।



