তুলি নয়, ক্যানভাসে হাতুড়ি, কাস্তে দিয়ে সেলিব্রিটিদের ছবি এঁকে তাক লাগাচ্ছেন সামশেরগঞ্জের আফসানুল
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: কখনো চোখে কালো কাপড় বাঁধা, কখনো আবার হাতুড়ি-কাস্তে কিংবা জ্বলন্ত সিগারেট। তুলির বদলে এই অদ্ভুত সব সামগ্রী দিয়েই মনীষী ও সেলিব্রিটিদের প্রতিকৃতি এঁকে তাক লাগিয়ে দিচ্ছেন সামশেরগঞ্জের তরুণ আফসানুল হক। প্রথাগতভাবে কোনো দিন আঁকা না শিখলেও অবসরে নিজের খেয়ালে ছবি আঁকেন তিনি। সম্প্রতি হাতুড়ি দিয়ে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একটি প্রতিকৃতি এঁকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন মুর্শিদাবাদের ধুলিয়ানের আইনের এই পড়ুয়া। 

Advertisement

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, বড়ো ক্যানভাসে সাদা-কালো পোর্ট্রেট আঁকছেন আফসানুল। তাঁর হাতে তুলির বদলে রয়েছে কাস্তে ও হাতুড়ি। কালিতে ডুবিয়ে সেই হাতুড়ি-কাস্তে দিয়েই নিখুঁতভাবে ফুটে উঠছে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ। ক্যানভাসে হাতের সুনিপুণ টানে মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে জীবন্ত প্রতিকৃতি। শুধু বুদ্ধদেববাবুই নন, তাঁর পোর্টফোলিওতে  রয়েছে মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্রনাথ ঠাকুর, রাহুল গান্ধী, অরিজিৎ সিং, অমিতাভ বচ্চন ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্কেচ। জ্বলন্ত সিগারেটের কালিতে ফুটিয়ে তুলেছেন চে গুয়েভারাকেও। ধুলিয়ানের ১ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনগরের বাসিন্দা আফসানুল শান্তিনিকেতনের বেঙ্গল ল কলেজের দ্বিতীয় বর্ষের আইনের ছাত্র। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকাই তাঁর ধ্যান-জ্ঞান। ছোটো থেকেই ছবির প্রতি তাঁর অসম্ভব টান। তাঁর সবচেয়ে বড়ো চমক— তিনি একসঙ্গে দু’হাতে দুটি আলাদা ছবি আঁকতে পারেন! কোনো রেফারেন্স ছবি ছাড়াই শুধু স্মৃতি থেকে নিখুঁত প্রতিকৃতি তৈরিতে সিদ্ধহস্ত আফসানুল। দীর্ঘদিনের অভ্যাসেই এই বিরল দক্ষতা অর্জন করেন এই তরুণ।
আফসানুল বলেন, শিক্ষকরা আমার বাচনভঙ্গি দেখে আইন নিয়ে পড়ার পরামর্শ দেন। কিন্তু আঁকাই আমার শখ। কোথাও প্রশিক্ষণ নিইনি, মন থেকেই আঁকি। আমি এমন ছবি আঁকি যা সমাজকে কোনো না কোনো বার্তা দেয়। • নিজস্ব চিত্র