বুয়েনস আইরেস: গত মাসের শেষদিনে আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা বলেছিলেন লায়োনেল মেসি। হাতে লেখা চিঠিতে তাঁর আবেগঘন বিদায়ী বার্তা এখনও ভক্তদের মন ভারাক্রান্ত করে তোলে। তার মধ্যেই মঙ্গলবার আসন্ন ফিফা ফ্রেন্ডলির জন্য স্কোয়াড ঘোষণা করল আর্জন্তিনার ফুটবল ফেডারেশন (এএফএ)। আশ্চর্যের বিষয়, তাতে জ্বলজ্বল করছে মেসির নাম। তাহলে কী ২০১৬ সালের ঘটনার পুনরাবৃত্তি? বিদায় বলার পর ফের অবসর ভাঙবেন বাঁ পায়ের জাদুকর? না, বিষয়টি সেরকম কিছু নয়। এএফএ-এর প্রেসিডেন্ট ক্লডিও তাপিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের জাতীয় দলের প্রতীক, অধিনায়ক, বিশ্বের সেরা খেলোয়াড় লায়োনেল মেসিকে যোগ্য সম্মান দিতে চাই। তাই ৬ অক্টোবর বিদায়ী ম্যাচ খেলার জন্য লিওকে আমন্ত্রণ জানানো হয়েছে।’ বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে লায়োনেল স্কালোনি-ব্রিগেড।



