নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি ক্ষমতায় আসার পর পেরিয়ে গিয়েছে চার মাস। এই সময়কালে রাজ্যে চালু হয়েছে রাজ্যের এবং কেন্দ্রের একাধিক প্রকল্প। যার মধ্যে অনেকগুলি ছিল বিজেপির নির্বাচনি প্রতিশ্রুতির ‘সংকল্প পত্রে’। সেই অনুযায়ী জনকল্যাণমূলক প্রকল্পের রূপায়ণ এবং পরিকাঠামো উন্নয়ন খাতের কাজের অগ্রগতি নিয়ে শুক্রবার নবান্নের সভাঘরে রাজ্যের পদস্থ কর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তরুণ কাপুর। এদিনের বৈঠকে রাজ্যের নির্দিষ্ট কিছু দপ্তর ছাড়াও উপস্থিত ছিলেন মেট্রো, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতো বেশ কিছু কেন্দ্রীয় সংস্থার পদস্থ আধিকারিকরা। সূত্রের খবর, এদিনের বৈঠকে নানা প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি সংক্রান্ত বিষয়, তার জন্য প্রয়োজনীয় আর্থিক সংস্থানের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।



