সংবাদদাতা, বোলপুর: শুক্রবার শান্তিনিকেতন রোড থেকে খোলা হল সমস্ত বিজ্ঞাপনী তোরণ। ‘রাস্তার ওপরেও বিজ্ঞাপনের তোরণ, যানজটে নাভিশ্বাস, ভোগান্তির শিকার বোলপুরের পর্যটকরাও’ শীর্ষক প্রতিবেদনটি বৃহস্পতিবার ‘বর্তমান’ কাগজে প্রকাশিত হয়। তারপরই নড়েচড়ে বসে বোলপুর পুরসভা। স্বভাবতই পুরসভার এই উদ্যোগে স্বস্তি ফিরে আসে এলাকাবাসী ও পথচারীদের মধ্যে।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে বিজ্ঞাপনী তোরণে কার্যত ঢেকে গিয়েছিল বোলপুর শহরের প্রধান সড়ক। শ্রীনিকেতন রোড, চিত্রা মোড়, হাটতলা, জামবুনি— শহরের প্রায় সব ব্যস্ত রাস্তাতেই সারি সারি তোরণ দাঁড়িয়ে থাকায় যানজট নিত্যসঙ্গী হয়ে উঠেছিল। সোনার দোকান থেকে জুতোর শোরুম, কিংবা রাজনৈতিক কর্মসূচি ও পুজোর প্রচার— প্রতিটি ক্ষেত্রেই তোরণ ব্যবহার হচ্ছিল। রাস্তা সঙ্কুচিত হয়ে পড়ায় কার্যত স্তব্ধ হয়ে যাচ্ছিল ট্রাফিক। শুধু যানজট নয়, তোরণের বাঁশ ও লোহার ফ্রেমে ধাক্কা লেগে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। এমনিতেই পুজো ও উৎসবে শহরে সারা বছরই বিজ্ঞাপনী তোরণ লাগানো হয়। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় সেই সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। ফলে সেই সময়ে চলাফেরা করাই দায় হয়ে ওঠে। সেই খবর প্রকাশিত হওয়ার পরে পদক্ষেপ হিসেবে শুক্রবার পুরসভার উদ্যোগে শান্তিনিকেতন রোড থেকে সব তোরণ সরিয়ে ফেলা হয়। এতে অনেকটাই স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। বোলপুরের বাসিন্দা মুজিবর রহমান ও বিশ্বভারতীর শিক্ষা ভবনের অধ্যাপক বিকাশ গুপ্ত বলেন, দীর্ঘদিন যন্ত্রণা ভোগ করছিলাম। পুরসভা এই ব্যবস্থা নেওয়ায় আমরা খুশি। তবে, শুধু শান্তিনিকেতন রোড নয়, অন্য এলাকাতেও যেন দ্রুত তোরণ খোলা হয়। তাহলেই বোলপুর শহরের যানজট সমস্যা কিছুটা হলেও কমবে।



