সংবাদদাতা, রঘুনাথপুর: বুধবার আদ্রায় এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন মণিপুর এলাকার একটি কোয়ার্টারের পাশে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে আসে। বৃদ্ধকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।



