Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আদ্রায় ফের ট্রেন বাতিল

আদ্রায় ফের ট্রেন বাতিল
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: আদ্রা ডিভিশনের কোটশিলা স্টেশনে উন্নয়নমূলক কাজ চলছে। যার জন্য ১ডিসেম্বর থেকে ৫ডিসেম্বর পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছিল। কিন্তু, আদ্রা ডিভিশনে ট্রেড ইউনিয়নের নির্বাচন থাকায় ৪ এবং ৫ ডিসেম্বরের কাজ বাতিল করা হয়। পরিবর্তে ৬ এবং ৭ ডিসেম্বর কাজ করা হবে। কাজের জন্য আদ্রা ডিভিশনের উপর দিয়ে চলাচলকারী পাঁচ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনকে ঘুর পথে চালানো হবে বলে জানানো হয়েছে।
Advertisement
রেলের তরফে জানানো হয়েছে, ১৩৫০৪/১৩৫০৩ বর্ধমান-হাটিয়া দৈনিক মেমু এক্সপ্রেস, ০৮৬৪১/০৮৬৪২ আদ্রা-বরকাখানা দৈনিক মেমু প্যাসেঞ্জার, ০৩৫৯৭/০৩৫৯৮ রাঁচি-আসানসোল দৈনিক মেমু প্যাসেঞ্জার, ০৮৬৯৫/০৮৬৯৬ বোকারো-রাঁচি দৈনিক এক্সপ্রেস, ১৮০৮৫/১৮০৮৬ খড়্গপুর-রাঁচি দৈনিক মেমু এক্সপ্রেস ট্রেনগুলির পরিষেবা ৬ এবং ৭ ডিসেম্বর বাতিল করা হয়েছে। পাশাপাশি ১৮০৩৫/১৮০৩৬ খড়্গপুর-হাটিয়া দৈনিক মেমু এক্সপ্রেস ট্রেনটি ৬ এবং ৭ ডিসেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওইদিনগুলিতে ট্রেনটির পরিষেবা আদ্রা-হাটিয়ার মধ্যে বন্ধ থাকবে। অন্যদিকে রাঁচি-হাওড়া, রাঁচি-পাটনার মতো কয়েকটি ট্রেনকে ঘুর পথে চালানো হবে। বিষয়টি রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।
তবে নিত্যযাত্রীরা এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, আদ্রা ডিভিশনে প্রায় দিনই ট্রেন বাতিল থাকছে। যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। কতদিন এই দুর্ভোগ চলবে জানা নেই।
সম্পর্কিত সংবাদ