সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের কাডরা- চাণ্ডিল আপ ও ডাউন লাইনে কাজ হবে। সেই জন্য ৮, ৯, ১১ ও ১২ ডিসেম্বর চারদিন রোজ চার ঘণ্টা করে ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে। তার জেরে আদ্রা ডিভিশনের উপর দিয়ে চলাচলকারী ছ’জোড়া ট্রেন নির্দিষ্ট কয়েকদিন বন্ধ থাকবে। এছাড়া, দু’জোড়া ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। স্বাভাবিকভাবেই এতে বহু যাত্রী সমস্যায় পড়বেন।
Advertisement
রেলের তরফে জানানো হয়েছে, ১৮৬০১/১৮৬০২ হাটিয়া-হাওড়া দৈনিক, ১৮১১৩/১৮১১৪ টাটা-বিলাসপুর দৈনিক ও ০৮১৫১/০৮১৫২টাটা-বরকাখানা দৈনিক ৮ ও ১১ ডিসেম্বর বন্ধ রাখা হয়েছে। ০৮১৭৩/০৮১৭৪ আসানসোল-টাটা দৈনিক মেমু প্যাসেঞ্জার ট্রেনও ওই দু’দিন বন্ধ থাকবে। এছাড়া ০৮৬৯৭/০৮৬৯৮ ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার ৯, ১১ ও ১২ ডিসেম্বর বন্ধ রাখা হয়েছে। ১৩৫১২/১৩৫১১ আসানসোল-টাটা দৈনিক এক্সপ্রেস ৮ ডিসেম্বর বন্ধ রাখা হয়েছে। ০৮১৭৩/০৮১৭৪ আসানসোল-টাটা মেমু প্যাসেঞ্জার ৯ ও ১২ ডিসেম্বর পুরুলিয়া পর্যন্ত চলাচল করবে। ওই দু’দিন টাটা-পুরুলিয়ার মধ্যে এই ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে। ১৩৩০১/১৩৩০২ ধানবাদ-টাটা দৈনিক এক্সপ্রেস ৮, ৯, ১১ ও ১২ ডিসেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই চারদিন আদ্রা-টাটার মধ্যে এই ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে।



