সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে সপ্তাহব্যাপী সিঙ্গেলিং, ওভারহেড তার চেকিং, লাইন চেকিং হবে। সেজন্য আদ্রা ডিভিশনে ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে। ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি রবিবার পর্যন্ত সপ্তাহব্যাপী কাজ হবে। ফের ট্রেন চলাচল ব্যাহত হতে চলায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। রেলের তরফে জানানো হয়েছে, ০৮৬৮০/০৮৬৭৯ আদ্রা-মেদিনীপুর দৈনিক মেমু প্যাসেঞ্জার ৩০ ডিসেম্বর, ৩ ও ৫ জানুয়ারি বন্ধ থাকবে। ০৮৬৪৩/০৮৬৪৪ আসানসোল-আদ্রা দৈনিক মেমু ৩০ ডিসেম্বর, ৪ ও ৫ জানুয়ারি চলবে না। ০৮৬৭১/০৮৬৭২ আদ্রা-ভাগা দৈনিক মেমু প্যাসেঞ্জার ৫ জানুয়ারি চলাচল বন্ধ থাকবে। ০৮১৭৪/০৮৬৫২ টাটা-আসানসোল-বরাভূম দৈনিক মেমু প্যাসেঞ্জার ৩০ ডিসেম্বর ও ৪ জানুয়ারি আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই দু’দিন আদ্রা-আসানসোলের মধ্যে এই ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে। ০৩৫৯৩/০৩৫৯৪ আসানসোল-পুরুলিয়া দৈনিক মেমু প্যাসেঞ্জার ৩১ ডিসেম্বর, ২ ও ৫ জানুয়ারি আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই কয়েকদিন আদ্রা-পুরুলিয়ার মধ্যে এই ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে। ১৮০৩৫/১৮০৩৬ খড়্গপুর-হাটিয়া দৈনিক প্যাসেঞ্জার ৩১ ডিসেম্বর, ২ ও ৫ জানুয়ারি আদ্রা পর্যন্ত চলাচল করবে। নিত্যযাত্রী প্রতাপ মণ্ডল, শ্রবণ ঘোষ ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন আদ্রা ডিভিশনে যাত্রীবাহী ট্রেনের চেয়ে মালগাড়ি বেশি চালানো হচ্ছে। মালগাড়ির ক্ষেত্রে কোনও ব্লক নেই। কিন্তু লোকাল ট্রেনের যাত্রীদের আদ্রা ডিভিশন ভিনগ্রহের জীব বলে মনে করে। তাই নিত্যযাত্রীদের কোনও গুরুত্ব নেই।



