সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে সপ্তাহব্যাপী নানা উন্নয়নমূলক কাজ হবে। তার জন্য ১০-১৬ফেব্রুয়ারি ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে। বেশ কয়েকটি ট্রেন চলাচল ব্যাহত হবে। ডিভিশনজুড়ে লোকাল ট্রেন বন্ধ থাকায় বহু মানুষ সমস্যায় পড়বে।
Advertisement
রেলের তরফে জানানো হয়েছে, ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদিনীপুর দৈনিক প্যাসেঞ্জার ১০, ১৪ ও ১৬ ফেব্রুয়ারি বন্ধ রাখা হবে। ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা দৈনিক প্যাসেঞ্জার ১০-১৬ফেব্রুয়ারি পর্যন্ত চলাচল করবে না। ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া দৈনিক প্যাসেঞ্জার ১০, ১৪ ও ১৫ফেব্রুয়ারি এবং ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ দৈনিক প্যাসেঞ্জার ১০, ১৩ ও ১৬ফেব্রুয়ারি চলবে না। ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা- বরাভূম দৈনিক প্যাসেঞ্জার ও ১৩৫০৩/১৩৫০৪ বর্ধমান-হাটিয়া দৈনিক প্যাসেঞ্জার ১০ফেব্রুয়ারি চলাচল করবে না। ৬৮০৫৬/৬৮০৬০ টাটা- আসানসোল-বরাভূম দৈনিক প্যাসেঞ্জার ১০ ও ১৫ ফেব্রুয়ারি আদ্রা পর্যন্ত চলাচল করবে। আসানসোল ও মেদিনীপুর শাখার নিত্যযাত্রীদের মধ্যে অশোক মাহাত, সাধন রায়, সাহানা খাতুন বলেন, আদ্রা ডিভিশন বছরের পর বছর মাল পরিবহণে অভূতপূর্ব উন্নতি করে চলেছে। অথচ যাত্রী পরিষেবার দিকে এই ডিভিশন ব্যর্থ হচ্ছে। রেল যেভাবে পরিষেবা দিচ্ছে, তাতে মনে হচ্ছে ডিভিশনের লোকাল ট্রেনের পরিষেবাই বন্ধ করে দেওয়া হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের তরফে আন্দোলন, ডেপুটেশন দেওয়া হলেও পরিষেবার উন্নতি হয়নি। আদ্রার ডিআরএম সুমিত নারুলা বলেন, যাত্রীদের সুবিধার জন্য পরিষেবা সচল রাখতে বিভিন্ন কাজ করতে হয়। সেই জন্য কিছু ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।



