সংবাদদাতা, রঘুনাথপুর: আদ্রা ডিভিশনে ফের ব্লক নেওয়া হয়েছে। বেশকিছু ট্রেনের পরিষেবা বিঘ্নিত হবে বলে জানানো হয়েছে। আদ্রা ডিভিশনের রেলের নির্দেশিকায় জানানো হয়েছে, আজ, ২৫ নভেম্বর থেকে আগামী ১ ডিসেম্বর রবিবার পর্যন্ত কাজ হবে। রেলের যখন, তখন ব্লকের জেরে সাধারণ যাত্রীরা ব্যাপক সমস্যায় পড়ছে। যাত্রীরা রেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। রেলের তরফে জানানো হয়েছে, ০৮৬৮০/০৮৬৭৯ আদ্রা-মেদিনীপুর দৈনিক মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ২৬ নভেম্বর, ০৮৬৪৩/০৮৬৪৪ আসানসোল-আদ্রা দৈনিক মেমু ট্রেনটি ২৯ নভেম্বর এবং ০৮৬৭১/০৮৬৭২ আদ্রা-ভাগা দৈনিক মেমু ট্রেনটি ১ ডিসেম্বর চলাচল করবে না। অন্যদিকে ০৮১৭৪/০৮৬৫২ টাটা-আসানসোল-বরাভূম দৈনিক মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ২৯ নভেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওইদিন ট্রেনটির পরিষেবা আদ্রা-আসানসোলের মধ্যে বন্ধ থাকবে। রেল যাত্রী জুনপুকি মুর্মু, সত্যবান দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, দৈনিক মজুরির কাজ করতে আসানসোল, বার্নপুর যায়। কখন কোন ট্রেন বন্ধ থাকছে বুঝতেই পারছি না। আমরা প্রচুর সমস্যায় পড়ছি। অসুবিধা হলেও রেল আধিকারিকদের একটাই বক্তব্য, যাত্রীদের সুরক্ষার জন্য উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।



