সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর শাখায় কাঁডরা-চান্ডিল আপ এবং ডাউন লাইনে সুরক্ষা সংক্রান্ত কাজ হবে ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত। যার ফলে আদ্রা ডিভিশনের উপর দিয়ে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেনের যাতায়াতে প্রভাব পড়বে। কাজের নামে বারবার রেল পরিষেবা বন্ধে যাত্রীরা অতিষ্ঠ। আদ্রা ডিভিশন কবে স্বাভাবিক হবে সেটাই এখন সাধারণ মানুষের প্রশ্ন। রেল সূত্রে জানা গিয়েছে, চক্রধরপুর ডিভিশনে সুরক্ষা সংক্রান্ত বিষয়ে ২৪ এবং ২৭ নম্বর ডাউন লাইনে কাজ হবে এবং ২৫ ও ২৮ নভেম্বর আপ লাইনে কাজ হবে। যার জন্য প্রতিদিন ৪ ঘণ্টা রেলের ব্লক নেওয়া হবে।
Advertisement
আদ্রা ডিভিশনের তরফে জানানো হয়েছে, কাজ চলার জন্য ১৮৬০১/১৮৬০২ হাটিয়া-হাওড়া দৈনিক এক্সপ্রেস, ০৮১৫১/০৮১৫২ টাটা-বরকাখানা দৈনিক এক্সপ্রেস এবং ০৮১৭৩/০৮১৭৪ আসানসোল-টাটা মেমু প্যাসেঞ্জার ট্রেনগুলির পরিষেবা ২৪ এবং ২৭ নভেম্বর বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ১৩৫১২/১৩৫১১ আসানসোল-টাটা দৈনিক এক্সপ্রেস ট্রেনটি ২৪ নভেম্বর এবং ০৮৬৯৭/০৮৬৯৮ ঝাড়গ্রাম-পুরুলিয়া দৈনিক মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ২৫, ২৭ এবং ২৮ নভেম্বর পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এছাড়া ০৮১৭৩/০৮১৭৪ আসানসোল-টাটা মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ২৫ এবং ২৮ নভেম্বর পুরুলিয়া পর্যন্ত চালানো হবে। ওইদিন ট্রেনটির পরিষেবা পুরুলিয়া-টাটা মধ্যে বন্ধ থাকবে। এছাড়া ১৩৩০১/১৩৩০২ ধানবাদ-টাটা দৈনিক এক্সপ্রেস ট্রেনটি ২৪, ২৫, ২৭ এবং ২৮ নভেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই দিনগুলিতে ট্রেনটির পরিষেবা আদ্রা-টাটার মধ্যে বন্ধ থাকবে। অন্যদিকে ১৮৪২৮ আনন্দ বিহার-পুরী দৈনিক এক্সপ্রেস ট্রেনটি ২৪ নভেম্বর আনন্দবিহার থেকে তিন ঘণ্টা দেরিতে ছাড়বে। সুবল চক্রবর্তী, মেঘনাথ মণ্ডল বলেন, আদ্রা ডিভিশনে কোন ট্রেনটি কখন চলছে, কোন ট্রেনটির পরিষেবা কখন বন্ধ করে দেওয়া হচ্ছে বোঝাই যাচ্ছে না। আসলে আদ্রা ডিভিশনের সাধারণ যাত্রীদের যাত্রী বলে মনে করা হয় না। এখানে রেল লাইনে দাঁড়িয়ে ট্রেন বন্ধ করে আন্দোলন হয় না, তাই রেল পরিষেবা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে খেলা করা হচ্ছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে দেশজুড়ে প্রতিটি ডিভিশনে বিভিন্ন উন্নয়নমূলক, সুরক্ষা বিষয়ক কাজ হচ্ছে। তাই ট্রেন পরিষেবায় ব্যাঘাত ঘটছে।



