সংবাদদাতা, পুরাতন মালদহ: আদিনা ফরেস্ট প্রবেশ করতে এবার অনলাইনে টিকিট কাটা যাবে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে বনদপ্তর এই নতুন ব্যবস্থা চালু করেছে। দপ্তর জানিয়েছে, ফরেস্টের টিকিট কাউন্টার খোলা থাকছে। পাশাপাশি অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। টিকিট কাটা যাবে ফরেস্টের ওয়েবসাইট থেকে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটার পর ফোনে মেসেজ আসবে। ওই মেসেজ আদিনা ফরেস্টের গেটম্যান বা কাউন্টারে দেখালেই ভিতরে প্রবেশের অনুমতি মিলবে। অফলাইন ও অনলাইনে টিকিটের মূল্য একই থাকছে। গাজোলের রেঞ্জ অফিসার লতিব শেখ বলেন, দপ্তর থেকে আমাদের জানিয়েছে আদিনা ফরেস্টের টিকিটের ক্ষেত্রে অনলাইন প্রক্রিয়া চালু হয়েছে।
Advertisement
আদিনা ফরেস্টে বন্যপ্রাণী দেখতে সারা বছরই বহু পর্যটক আসেন। এখানে হরিণের সংখ্যা প্রায় ৯৫। নীলগাই সহ পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায়। মাদি হরিণ রয়েছে ৫০টির বেশি। শাবকও রয়েছে। বিশেষ বিশেষ দিনে আদিনায় ব্যাপক ভিড় হয় বলে টিকিট কাটার লাইন পড়ে যায়। সেই ভোগান্তি কমাতে এবার অনলাইনেও টিকিটের ব্যবস্থা করা হল। পিকনিকের মরশুম আসছে। এবারও বহু পর্যটক ফরেস্টে আসবেন। তবে, অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা হলেও অনেকে এই পদ্ধতি জানেন না। গাজোলের রেঞ্জ অফিসার বলেন, আমরা মৌখিকভাবে পর্যটকদের অনলাইন টিকিটের বিষয়টি বলে দিচ্ছি।



