Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আদিনা ইকোপার্ক রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে

আদিনা ইকোপার্ক রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোল ব্লকের অন্যতম পর্যটনকেন্দ্র আদিনা ইকোপার্ক পিকনিকের মরশুম থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে। পর্যটকদের সুবিধার্থে গাজোল ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি এমন সিদ্ধান্ত নিয়েছে। ডিসেম্বর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এক্ষেত্রে রাত্রিকালীন পার্কে প্রবেশের টিকিটের দাম কমিয়ে অর্ধেক অর্থাৎ ১০ টাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। খুদে পর্যটকদের জন্য পার্কের দোলনা সহ বিভিন্ন খেলনার সরঞ্জামও থাকবে। শুধু তাই নয়, ইকো পার্কের মধ্যে থাকা আদিবাসী স্বর্নিভর গোষ্ঠী পরিচালিত খাদ্য ছায়া ক্যান্টিন খোলা রাখার সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ পার্ক বন্ধ না হওয়া পর্যন্ত ক্যান্টিনে খাবাব মিলবে। গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, ইকো পার্ক ফের নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। একাধিক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। মানুষ আনন্দ উপভোগ করতে চায়। সেজন্য রাতে ইকোপার্ক খোলা থাকবে। পার্কের মধ্যে শিশুপার্ক খোলা থাকবে। রাতে টিকিটের দাম কমছে। খুব দ্রুত আমরা সেগুলি কার্যকর করব। 
Advertisement
উল্লেখ্য, ৪৫ বিঘার বেশি জমির উপর গৌড়বঙ্গের অন্যতম সুবিশাল বড় ইকো পার্ক তৈরি করা হয়েছে। ‘আই লাভ গাজোল’ সেলফি জোন, শিশুদের পার্ক, একাধিক বসার শেড, বোটিং, ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা আছে। গৌতম বুদ্ধের ১০ ফুটের মূর্তিও সেখানে বসবে। সেই কাজ চলছে। পার্কের প্রবেশ মূল্য বর্তমানে ২০ টাকা। ইকো পার্কের দায়িত্বে থাকা অমিত হালদার বলেন, সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত পার্ক খোলা থাকে। এবার সময়ের পরিবর্তন হবে। সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পার্ক খোলা থাকবে শুনছি। সকাল ৯টা থেকে পার্ক খুলে যাবে। গোটা ইকো পার্ক অনেক বড়। সন্ধ্যার পর পর্যটকরা পুকুর সহ বিভিন্ন দিকে যেতে পারবেন না। সেজন্য বাঁশের বেড়া দেওয়া হবে। ক্যান্টিনও খোলা থাকবে।
সম্পর্কিত সংবাদ